‘ঢাকা ২০৪০’ ক্যারিয়ারের মাইলফলক হয়ে থাকবে

আপডেট : ২১ জুন ২০১৯, ১২:১২ এএম

জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। সম্প্রতি তারকাবহুল সিনেমা ‘ঢাকা ২০৪০’-এ চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এই সিনেমা ও সমসাময়িক বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

 

অনেক দিন পর নতুন সিনেমা

অনেক দিন ধরে নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া বা কাজ করা হয়নি। হাতে থাকা যেসব সিনেমার কাজ জমে ছিল চেষ্টা করেছি সেগুলো শেষ করার। এর মধ্যে পাঁচটি নতুন সিনেমার প্রস্তাব এসেছিল।

সবগুলো হাসিমুখে ফিরিয়ে দিয়েছি। কারণ দীপন দা (দীপঙ্কর দীপন) যখন ‘ঢাকা ২০৪০’ সিনেমার গল্প আমাকে শোনান তখন আমি মুগ্ধ হয়ে যাই। গল্পের প্রেমে পড়ে যাই। নিজের মধ্যে গল্পটাকে ধারণ করেছি। এতটুকু বলব, এ ধরনের গল্পের সিনেমা আমাদের দেশের দর্শক কখনোই দেখেনি। আমার কাছে মনে হয় এই প্রজেক্ট আমাকে করতেই হবে। যদি বড় কোনো সেক্রিফাইসও আমাকে করতে হয়, তা করতেও আমি রাজি। আমি বুঝে গেছি মানহীন সিনেমা করে লাভ নেই।

ওই পাঁচটি সিনেমা করলে হয়তো আমার পকেটে অর্থ আসত, কিন্তু দর্শক মুখ ফিরিয়ে নিত। তারা এখন অনেক সচেতন। তাদের চাওয়া পূরণ না করলে তারা মুখ ফিরিয়ে নেবে। তাই আমি ভালো কাজের জন্য অপেক্ষায় ছিলাম। অবশেষে পেয়ে গেছি।

‘ঢাকা ২০৪০’

২০৪০ সালে রাজধানী ঢাকা কেমন হবে, ঢাকার ভবিষ্যৎ গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হতে যাচ্ছে। প্রযোজনা করতে যাচ্ছে স্টুডিও এইট এন্টারটেইনমেন্টস। আসছে ২৪ জুন থেকে শ্যুটিং শুরু হবে সিনেমাটির। গতকাল মহরত হয়ে গেল। কয়েকটা মাস ধরে নিজেকেও নতুনভাবে তৈরি করেছি। মানসিকভাবে নিজেকে প্রস্তুত করেছি। জিম করে এক মাসে ৬ কেজি ওজন কমিয়েছি। আরও অনেকভাবে নিজেকে গড়েছি। দ্বিতীয় লটের শ্যুটিংয়ে আরও ১০ কেজি কমাতে হবে। দীপন দা আমার কাছে মাসল চাননি। তবে সুঠাম থাকার কথা বলেছেন। আমি সেভাবে হাজির হচ্ছি। আশা করছি, এ কাজটি আমার ক্যারিয়ারে মাইলফলক হয়ে থাকবে।

মুক্তির অপেক্ষায় তিন...

এরই মধ্যে দুটি সিনেমার কাজ শেষ করেছি। সিনেমা দুটি হলো ‘পাগলামি’ ও ‘শ^শুরবাড়ি জিন্দাবাদ ২’। আর ‘ডেঞ্জার জোন’ সিনেমাটির কাজ এখনো কিছুটা বাকি রয়েছে। পরপর এই তিনটি সিনেমা মুক্তি পাবে। এই কাজগুলো নিয়েও আমি আশাবাদী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত