বর্তমান দলকে নিজেদের ওয়ানডে ইতিহাসে সেরা দল হিসেবে আখ্যা দিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পর পুরস্কার বিতরণী মঞ্চে সঞ্চালকের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ অধিনায়ক এ কথা বলেন।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার সঙ্গে ৪৮ রানে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করে ৫ উইকেটে ৩৮১ রান করে অস্ট্রেলিয়া। বিপরীতে বাংলাদেশ থামে ৮ উইকেটে ৩৩৩ রানে।
হারলেও দারুণ লড়াই করেছে বাংলাদেশ। যে লড়াইয়ের জন্য টাইগাররা বাহবা পাচ্ছে সবার। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে সঞ্চালক হার্শা ভোগলে মাশরাফীকে প্রশ্ন করলেন ওয়ানডে ইতিহাসে এটিই তাদের সেরা দল কিনা।
মাশরাফী উত্তরে বললেন, ‘‘আমার মনে হয় তাই। ওয়ানডে ইতিহাসে এটিই আমাদের সেরা দল। কিছু নতুন খেলোয়াড় আসছে। ওরা হয়তো সামনেই জায়গা করে নেবে এবং আরো ভালো করবে। তবে এই মুহূর্তে এটিই সেরা দল।’’
