ফ্র্যাঞ্জাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেটেরও ফেরিওয়ালা হিসেবে বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের খ্যাতি বিশ্বজোড়া। ভারত, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও শ্রীলঙ্কা চষে বেড়ানোর পর এবার পাড়ি জমাবেন কানাডায়। খেলবেন দেশটির ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ব্রাম্পটন উলভসের হয়ে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় টুর্নামেন্টটির আগামী আসরের নিলাম। নিলামে সাকিবকে কিনে নেয় ব্রাম্পটন।
গ্লোবাল টি-টোয়েন্টিতে সাকিবই প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অংশ নিতে যাচ্ছেন। এর আগে টুর্নামেন্টটির একটি আসর মাঠে গড়িয়েছে। গত বছর অনুষ্ঠিত প্রথম আসরের শিরোপা জেতে ভ্যাঙ্কুবার নাইটস।
ব্রাম্পটন উলভস গতবার এই টুর্নামেন্টে রানার্সআপ হয়েছিল। কিন্তু তখন দলটার নাম ব্রাম্পটন উলভস ছিল না, ছিল ‘ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বি টিম’। ভ্যাঙ্কুভার নাইটসের কাছে একটুর জন্য শিরোপা হাতছাড়া হওয়া ফ্র্যাঞ্চাইজিটি এবার আর শিরোপা হারাতে চায় না। এ কারণেই মালিকপক্ষ ফ্র্যাঞ্চাইজিটিকে একদম ঢেলে সাজাচ্ছে। দলে সাকিব ছাড়াও এসেছেন নিউজিল্যান্ডের ওপেনার কলিন মানরো। টুর্নামেন্টের সব কটি ম্যাচই হবে ব্রাম্পটনের মাঠে। এই দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন চলমান বিশ্বকাপে আফগানিস্তানের কোচ হিসেবে কাজ করা ফিল সিমন্স।
সাকিব ও মানরো ছাড়াও বেশ কয়েকজন তারকা ক্রিকেটার দল পেয়েছেন। এডমান্টন রয়্যালসে নাম লেখিয়েছেন ফাফ দু প্লেসি ও কেন উইলিয়ামসন। সুনীল নারাইন ও থিসারা পেরেরা আছেন মন্ট্রিয়াল টাইগার্সে; টরন্টো ন্যাশনালসে ব্রেন্ডন ম্যাককালাম, কাইরন পোলার্ড ও যুবরাজ সিং। ভ্যাঙ্কুবার নাইটসে ক্রিস গেইল, শোয়েব মালিক ও আন্দ্রে রাসেল। উইনিপেগ হকসে আছেন ডোয়াইন ব্রাভো ও ক্রিস লিন।
আগামী ২৫ জুলাই থেকে শুরু হবে গ্লোবাল টি-টোয়েন্টি লিগ কানাডার দ্বিতীয় আসর। শেষ হবে ১১ আগস্ট। বিশ্বকাপের কারণে এবার একটু দেরিতেই মাঠে গড়াচ্ছে টুর্নামেন্টটি।
