এই সময়ের বলিউডে কিয়ারা আদভানি বেশ পরিচিত মুখ। এমএস ধোনি: আনটোল্ড স্টোরি, লাস্ট স্টোরিজ ও কলঙ্ক তাকে দিয়েছে জনপ্রিয়তা। আর শুক্রবার মুক্তি পাওয়া ‘কবির সিং’ দিয়ে বলিউডের কোনো ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন।
তবে ক্যারিয়ারের শুরুটা এতো মসৃণ ছিল না। প্রথম ফ্লপের পর রীতিমতো ছিটকে পড়ছিলেন গ্ল্যামার জগৎ থেকে।
কিয়ারা জানান, লাইমলাইটে আসার জন্য বেশ অপেক্ষা করতে হয়েছে। প্রথম ছবি ‘ফাগলি’ ফ্লপ হওয়া নিয়ে বলেন, ‘‘কোনো কাজ ছিল না। কেউ দেখা করতেও চাইতো না। ধোনির বায়োপিকের পরে একটু পরিস্থিতি বদলালো। তবে ‘লাস্ট স্টোরিজ়’-এর পরে যারা আমার সঙ্গে দেখাও করতে চাইতেন না, তারা কাজের প্রস্তাব দিতে লাগলেন। এখন আমার ক্যারিয়ার গ্রাফ ঊর্ধ্বমুখী। সেটাই বজায় রাখতে চাই।’’
আরও জানান, ক্যারিয়ারের শুরুতেই করণ জোহরের সহায়তা তাকে বাড়তি সুবিধা দিয়েছে।
কিয়ারার কথায়, ‘‘কাজের ক্ষেত্রে নিজের ইনস্টিংক্টকেই প্রাধান্য দিই। চরিত্রের সঙ্গে নিজেকে মেলাতে পারলে রাজি হই। যেহেতু করণ জোহরের সঙ্গে কাজ করেছি, তাই তার মতামত প্রায়শই নিয়ে থাকি।’’
কিয়ারার হাতে এখন চারটি ছবি। যদিও নায়িকা বলছেন, তিনি নাকি হিসেব কষে কাজ করতে পারেন না।
সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে সম্পর্ক নিয়ে বেশ গুঞ্জন আছে। বিষয়টি উড়িয়ে দিয়ে বললেন, ‘‘এটা সম্পূর্ণ ভুল। আগে এগুলো পড়লে রাগ হতো। এখন হাসি পায়। আমি গুজব ছড়িয়ে শিরোনামে আসতে চাই না। যে দিন সম্পর্কে জড়াব, সকলকে জানিয়ে দেব।’’
কিয়ারার প্রকৃত নাম আলিয়া। সালমান খানের পরামর্শে নাম বদলান তিনি।
