অনেকেই বিমানে কমবেশি যাতায়াত করেন। কিন্তু বিমানে ওঠার সময় একজন যাত্রী হিসেবে আপনার কিছু আদব-কায়দা জানার প্রয়োজন। বিমানে উড়ে চলার সময় কোনটা আপনার করণীয় আর কোনটা উচিত নয় জেনে নিন।
বিমান ছাড়ার আগে যখনই মোবাইল ফোনের সুইচ অফ করে দেওয়ার অনুরোধ করা হয়, তখনই আপনার মোবাইল ফোনটির সুইচ অফ করে দিন। এই নিয়ে বিমানসেবিকা বা অন্য বিমানকর্মীদের সঙ্গে তর্ক করবেন না। চাইলে ফ্লাইটমুড অপশনেও দিয়ে রাখতে পারেন।
বিমানে অনেকটা সময় সহযাত্রীদের একসঙ্গে যেতে হবে। এ সময় অনেকে পাশে বসা সহযাত্রীর সঙ্গে ভাব জমানোর চেষ্টা করেন। কিন্তু যদি দেখেন আপনার সহযাত্রীটি বই পড়ছেন বা গান শুনছেন, তাহলে তাকে বিরক্ত না করাই ভালো। তিনি হয়তো কথা বলতে চাইছেন না। পাশের মানুষটি যদি ল্যাপটপ খুলে বসেন, তাহলে ল্যাপটপের স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন না। আইপড, এমপি থ্রি বা এ ধরনের কোনো গান শুনতে ইচ্ছা করলে ইয়ার ফোন ব্যবহার করুন। স্পিকারে গান শুনবেন না। এতে অন্য সহযাত্রীর অসুবিধা হতে পারে।
বিমান উড়ন্ত অবস্থায় আসন থেকে যদি ওঠার দরকার হয়, তাহলে সামনের আসন ধরে উঠবেন না। এর ফলে সামনে বসা মানুষটির সমস্যা হতে পারে। একটু দেখুন, ফ্লাইট অ্যাটেনড্যান্টরা কীভাবে বিমানের মধ্যে চলাফেরা করছেন। সেভাবে হাঁটার চেষ্টা করুন। প্রয়োজন পড়লে তাদের সাহায্যও নিতে পারেন।
বিমান ভ্রমণে আপনার সঙ্গে বাচ্চা থাকলে, অবশ্যই বাচ্চার ওপর নজর রাখবেন। দীর্ঘ ভ্রমণের সময় বাচ্চারা সাধারণত একসঙ্গে অনেকটা সময় বসে থাকতে নাও চাইতে পারে। কিন্তু তাদের বোঝানোর দায়িত্ব আপনার। ফ্লাইটে খাবার পরিবেশন করা হলে, বাচ্চার খাওয়ার দিকে নজর রাখুন, যাতে আপনার পাশের সহযাত্রীর বসার জায়গায় খাবার পড়ে নোংরা না হয়ে যায়।
অন্য সহযাত্রীর কারণে যদি আপনার কোনো অসুবিধা হয়, তাহলে ভদ্রভাবে আপনার অসুবিধার কারণটি তাকে খুলে বলুন। যদি তাতে কোনো কাজ না হয়, সরাসরি তর্কে না জড়িয়ে ফ্লাইট অ্যাটেনড্যান্টকে বলুন পরিস্থিতি সামলাতে।
দীর্ঘক্ষণ বিমানে থাকলে টয়লেট ব্যবহারের প্রয়োজন হওয়াই স্বাভাবিক। তাই টয়লেট নোংরা করবেন না। আপনার অন্য সহযাত্রীরাও তা ব্যবহার করবেন, সেটা মাথায় রাখবেন।
বিমান থেকে নামার সময় অযথা তাড়াহুড়ো করবেন না। প্রথম সারির আসনে বসা যাত্রীদের আগে নেমে যেতে দিন। কারও যদি কানেকটিং ফ্লাইট ধরার তাড়া থাকে তাহলে তাকে আগে যেতে দিন। আপনার যদি এই প্রয়োজন পড়ে তাহলে সামনের যাত্রীকে অনুরোধ করুন আপনাকে যেন আগে নেমে যেতে দেওয়া হয়।
