আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ভ্রমণের খরচ কত

আপডেট : ২১ জুন ২০১৯, ১০:০৫ পিএম

মহাকাশ পর্যটনসহ আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রকে বাণিজ্যিকভাবে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। গত ১৪ জুন থেকে শুরু হয়েছে এ কাজ। আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যেই মহাকাশে পর্যটনের মতো পরিষেবাটি শুরু হয়েছে।

মহাকাশ কেন্দ্রে ঘুরতে যেতে কত খরচ হবে?

নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, রিটার্ন টিকিট কাটতে খরচ হবে ১০ মিলিয়ন মার্কিন ডলার। সঙ্গে প্রতি রাত থাকার খরচ ৩৫ হাজার মার্কিন ডলার।

নাসার বাণিজ্যিক অফিসার জেফ ডেউইট নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে বলেন, ‘এই প্রথম বাণিজ্যিকভাবে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রকে খুলে দিচ্ছে নাসা। এর আগে কখনো এই কাজ করেনি মার্কিন সংস্থাটি।’

বছরে দুবার আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পর্যটক পাঠাবে নাসা। মহাকাশ যাত্রা করতে মার্কিন নাগরিকত্ব থাকা বাধ্যতামূলক নয়। এই যাত্রায় পর্যটকের প্রায় ৫৮ মিলিয়ন মার্কিন ডলার খরচ হবে। এরই মধ্যে স্পেসএক্স এবং বোয়িংয়ের সঙ্গে হাত মিলিয়ে এই প্রজেক্টে কাজ শুরু করেছে নাসা।

২০১৯ সালের শেষ দিকে স্পেসএক্স এবং বোয়িংয়ের ট্রান্সপোর্ট ক্যাপসুল তৈরি শেষ হবে। এরপর পরীক্ষামূলকভাবে এই ক্যাপসুলগুলো মহাকাশে পাঠানো হবে। ২০২০ সালে বাণিজ্যিকভাবে পর্যটকদের মহাকাশে পাঠানো যাবে।

পর্যটকরা নাসার স্টেশন, খাবার, পানি আর জীবনদায়ী ব্যবস্থা ব্যবহারের জন্য মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাকে পেমেন্ট করবেন।

এক ব্যক্তির আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে এক রাত থাকার খরচ ৩৫ হাজার মার্কিন ডলার। তবে ইন্টারনেট ব্যবহারের জন্য অতিরিক্ত খরচ করতে হবে পর্যটককে। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে এক গিগাবাইট ইন্টারনেট ব্যবহারের খরচ ৫০ মার্কিন ডলার।

উল্লেখ্য, ১৯৯৮ সালে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র তৈরি করেছিল রাশিয়া। তবে অন্যান্য দেশের মহাকাশ গবেষকরাও এই গবেষণা কেন্দ্র ব্যবহার করেন। তবে এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র মহাকাশ কেন্দ্রের বেশির ভাগ মডিউল নিয়ন্ত্রণ করে।

এর আগেও আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পর্যটক গিয়েছিলেন। ২০০১ সালে প্রথম পর্যটক হিসেবে মহাকাশ কেন্দ্রে পৌঁছেছিলেন মার্কিন ধনকুবের ডেনিস টটো। মহাকাশে যেতে মার্কিন শিল্পপতির খরচ হয়েছিল ২০ মিলিয়ন মার্কিন ডলার।

যেকোনো সময় আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে তিন থেকে ছয়জন গবেষক অবস্থান করেন। এ মুহূর্তে সেখানে রয়েছেন তিন মার্কিন, দুই রাশিয়ান ও এক কানাডার বিজ্ঞানী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত