বিরাট কোহলি আর রেকর্ড যেন সমার্থক। প্রতি নিয়ত নতুন নতুন রেকর্ড গড়ে চলেছেন ভারতীয় অধিনায়ক। চলতি বিশ্বকাপে দ্রুততম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ১১ হাজার রান পূর্ণ করেছেন। এবার আরও একটা মুকুট তার মাথায় ওঠার অপেক্ষায়।
আর মাত্র ১০৪ রান করলেই বিশ্বের দ্রুততম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রান পূর্ণ হবে কোহলির। বিরাট এই মাইলফলক সামনে নিয়ে শনিবার সাউদাম্পটনে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবেন ভারত অধিনায়ক।
সব ফরম্যাট মিলে ২০ হাজার রান পূরণ করতে শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারার লেগেছিল ৪৫৩ ইনিংস। অজি কিংবদন্তি রিকি পন্টিংয়ের লেগেছিল ৪৬৮টি ইনিংস। কোহলি আফগানিস্তানের বিপক্ষেই ১০৪ রান করে ফেললে ৪১৬ ইনিংসেই এই রেকর্ডে ভাগ বসাবেন।
আর এ ম্যাচে না হলেও অনন্য রেকর্ডটা নিজের করার জন্য বেশ সময় পাচ্ছেন কোহলি। তবে এই বিশ্বকাপেই যে রেকর্ডটা কোহলির দখলে চলে যাবে তা বলাই যায়।
ইনিংস হিসেবে করলে কোহলি এখন পর্যন্ত ১৩১টি টেস্ট, ২২২টি ওয়ানডে এবং ৬২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইনিংস খেলেছেন। মোট ৪১৫টি ইনিংসে তার রান সংখ্যা ১৮,৮৯৬।
