ঢাকার ধামরাইয়ে উন্নয়নকাজ পরিদর্শনে গিয়ে হোঁচট খেয়ে পড়ে ঢাকা-২০ আসনের সাংসদ বেনজীর আহমদ আহত হয়েছেন। এনাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার রোয়াইল ইউনিয়নের নির্মাণাধীন চরসঙ্গুর মসজিদ ও মাদ্রাসার উন্নয়নকাজ পরিদর্শনে
গিয়ে এ দুর্ঘটনা ঘটে। ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন জানান, দুপুরে নেতাকর্মীদের নিয়ে মসজিদ ও মাদ্রাসার উন্নয়নকাজ পরিদর্শনে যান স্থানীয় সাংসদ বেনজীর। এ সময় ফ্লোরে থাকা ইট-সুরকির স্তূপের সঙ্গে হোঁচট খেয়ে পড়ে তিনি নাক ও মুখে আঘাত পান। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তিনি শঙ্কামুক্ত।
এদিকে সাংসদের আহত হওয়ার ঘটনায় দলীয় নেতাকর্মী ও শুভাকাক্সক্ষীরা তার সুস্থতার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে দোয়া চেয়েছেন।
