দেশের আরও ১৫ জেলাকে রেল যোগাযোগের আওতায় আনা হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। গতকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে ওয়ার্ল্ড বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা জানান। লায়ন রিংকু কুমার বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনোয়েট প্রিফনটেইন, ভিয়েতনামের রাষ্ট্রদূত ত্রান ভান খোয়া প্রমুখ।
বর্তমানে ৪৪টি জেলার সঙ্গে রেল যোগাযোগ রয়েছে মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘আমরা নতুন করে আরও ১৫টি জেলাকে রেলে সম্পৃক্ত করতে চাই।’ তিনি বলেন, ‘রেলসেবার মান উন্নয়নে বর্তমানে অনেকগুলো প্রকল্প চলমান রয়েছে। নতুন করে আরও কিছু প্রকল্প হাতে নেওয়া হচ্ছে।’
নতুন করে রেলে কোন কোন জেলা যুক্ত হচ্ছে, তা জানাননি মন্ত্রী। তবে কিছু অঞ্চলের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের নতুন মেগা প্রকল্পের অধীনে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত রেল যোগাযোগ হবে। পাশাপাশি ফরিদপুর থেকে পায়রা বন্দর এবং ঢাকা থেকে পায়রা বন্দর রেলপথে সম্পৃক্ত করা হবে। একই সঙ্গে ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরকেও সংযুক্ত করা হবে। এ ছাড়া চট্টগ্রাম থেকে রামু হয়ে কক্সবাজার ও রামু থেকে মিয়ানমার সীমান্ত পর্যন্ত রেল সংযোগ করা হবে।’ মন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধু সেতুর ওপর এখন এক লাইনে রেল চলাচল করছে। আমরা সম্পূর্ণ ভিন্ন আরও একটি রেলসেতু বানাতে চাই। ডুয়েল গেজবিশিষ্ট ডাবল রেললাইনের এ সেতুর নির্মাণে সব সমীক্ষা শেষ হয়েছে। জাপানি অর্থায়নে এটির নির্মাণকাজ শেষ হবে। তা ছাড়া ঢাকা টু চট্টগ্রাম ৩০০ কিলোমিটার হাইস্পিড গতির ট্রেন চালুর সমীক্ষা চলছে। চট্টগ্রামের সব রেল ডাবল লাইনে রূপান্তর করা হবে।’
সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কাজ করে যাচ্ছে মন্তব্য করে সুজন বলেন, ‘বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি শান্তিপ্রিয় দেশ। এখানে সব ধর্মের মানুষ সমান সুযোগ-সুবিধা পায়। সরকার এ নীতিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
