এবার চলন্ত ট্রেনে ধর্ষণচেষ্টা, যুবক আটক

আপডেট : ২২ জুন ২০১৯, ০২:১৩ এএম

দেশব্যাপী প্রতিবাদ-আন্দোলনের মধ্যেও থেমে নেই ধর্ষণের ঘটনা। প্রায় প্রতিদিনই ধর্ষণের শিকার হচ্ছে শিশুসহ নানা শ্রেণি-পেশার মানুষ। গতকালও বিভিন্ন স্থানে পাঁচজন ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত ট্রেনে ধর্ষণচেষ্টার শিকার হয়েছে ১৪ বছর বয়সী এক কিশোরী। রাত ৯টার দিকে পাবনার ঈশ্বরদী এলাকায় এ ঘটনা ঘটে। পরে ট্রেনের যাত্রীরা ওই কিশোরীকে উদ্ধার করে অভিযুক্ত যুবককে পিটুনি দিয়ে পুলিশের কাছে তুলে দেয়।

এর আগে গত বছর ২৫ আগস্ট টাঙ্গাইলে চলন্ত বাসে ধর্ষণের পর রূপাকে হত্যা এবং গত ৬ মে কিশোরগঞ্জের কটিয়াদীতে নার্স শাহীনুর আক্তার তানিয়াকে ধর্ষণের পর হত্যা করা হয়। এছাড়াও বিভিন্ন স্থানে চলন্ত বাসে ধর্ষণ এবং ধর্ষণচেষ্টার শিকার হয়েছে অনেকে।

এদিকে গোপালগঞ্জের মুকসুদপুরে চার বছরের এক শিশুকে সাইকেলে করে ঘোরানোর লোভ দেখিয়ে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক মাদ্রাসাছাত্রের বিরুদ্ধে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ধর্ষণের শিকার হয়েছে ১১ বছরের এক শিশু। ভোলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. হাসান নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া সাভারের হেমায়েতপুরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সাদ্দাম হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবর :

 

পাবনায় চলন্ত ট্রেনে কিশোরীকে ধর্ষণের চেষ্টা : ঢাকা থেকে রাজশাহীগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। ট্রেনের যাত্রীরা কিশোরীকে উদ্ধারের পর অভিযুক্ত যুবককে পিটুনি দিয়ে পুলিশে দেয়। তার নাম মমিনুল ইসলাম (২৬)। নির্মাণশ্রমিক মমিনুলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদরে।

ঘটনার শিকার ১৪ বছর বয়সী ওই কিশোরীর বাড়ি সিরাজগঞ্জে। নানি ও খালার সঙ্গে রাজশাহীতে নানার বাড়িতে যাচ্ছিল সে। বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের মনসুর আলী স্টেশন থেকে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে উঠেছিল তারা।

পুলিশ জানায়, রাত ৯টার দিকে ঈশ্বরদী বাইপাস স্টেশনে ট্রেনটি থামার পর ওই কিশোরী ট্রেনের টয়লেটে ঢোকে। তখন টয়লেটের সামনেই দাঁড়িয়েছিল অভিযুক্ত যুবক। কিশোরী টয়লেট থেকে বের হওয়ার জন্য দরজা খোলামাত্র মমিনুল টয়লেটের ভেতরে ঢুকে পড়ে। এরপর রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী স্টেশন আসা পর্যন্ত প্রায় ৪০ মিনিট সে ওই কিশোরীকে টয়লেটে আটকে রেখে ধর্ষণের চেষ্টা করে।

ঈশ্বরদী জিআরপি থানার ওসি সুব্রত কুমার দেশ রূপান্তরকে বলেন, ‘ট্রেনের শব্দের কারণে ওই কিশোরীর চিৎকার শোনা যায়নি। তবে যাত্রীরা লক্ষ করেন, অনেকক্ষণ ধরেই টয়লেটের দরজা ভেতর থেকে বন্ধ। তারা দরজায় ধাক্কা দিয়ে খুলতে বলেন। কিন্তু দরজা খোলা হচ্ছিল না। একপর্যায়ে তারা ওই কিশোরীর চিৎকার শুনতে পান। পরে পুলিশ গিয়ে টয়লেটের দরজা খুলতে বাধ্য করে। এ সময় কাঁদতে কাঁদতে ওই কিশোরী বেরিয়ে আসে।’

পরে ট্রেনের যাত্রীরা মমিনুলকে মারধর শুরু করলে পুলিশ তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় জানিয়ে সুব্রত কুমার আরও বলেন, ‘রাত পৌনে ১১টার দিকে ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছে। এ সময় অভিযুক্ত যুবক, ওই কিশোরী এবং তার খালা ও নানিকে রাজশাহী রেলওয়ে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু ঘটনাস্থল রেলওয়ের ঈশ্বরদী জিআরপি থানার অধীনে হওয়ায় ওইদিনই রাত ১২টার দিকে ঢাকাগামী ‘ধূমকেতু এক্সপ্রেস’ ট্রেনে কিশোরীকে তার স্বজনসহ এবং অভিযুক্ত যুবককে ঈশ্বরদী জিআরপি থানায় পাঠানো হয়।’

সুব্রত কুমার আরও জানান, এ ঘটনায় কিশোরীর খালা বাদী হয়ে মমিনুলকে আসামি করে গতকাল শুক্রবার ভোরে মামলা করেন। পরে মমিনুলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

গোপালগঞ্জে ৪ বছরের শিশু ধর্ষণের শিকার : মুকসুদপুরে চার বছরের এক শিশুকে সাইকেলে ঘোরানোর লোভ দেখিয়ে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে। ধর্ষণের শিকার শিশুকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা দেশ রূপান্তরকে জানান, গত বুধবার বেলা ১১টার দিকে উত্তর গঙ্গারামপুর গ্রামে বাড়ির উঠানে খেলা করছিল শিশুটি। এ সময় বাইসাইকেলে চড়ানোর লোভ দেখিয়ে বাড়ির পাশের এক মাদ্রাসা শিক্ষার্থী তাকে একটি ধনচে ক্ষেতের মধ্যে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুর চিৎকারে তার মা এবং এলাকাবাসী তাকে উদ্ধার করে।

 

ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণের শিকার : বালিয়াডাঙ্গীতে ১১ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। শিশুটি বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানায়, মেয়েটি বিকেলে বাড়ি থেকে বের হয়ে মাঠে গরু আনতে যায়। তখন স্থানীয় যুবক রুহুল আমিন (২৪) তাকে একা পেয়ে ধর্ষণ করে। বালিয়াডাঙ্গী থানার ওসি মোছাব্বেরুল হক দেশ রূপান্তরকে বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত ওই যুবককে ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ।’

 

ভোলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা : ভোলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. হাসান নামে এক মোবাইল ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ওই ছাত্রীর মা গ্রেপ্তার করা ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছেন। আটক হাসান চরফ্যাশন উপজেলার জিন্নানগর ইউনিয়নের প্রয়াত নুরুল ইসলামের ছেলে।

চরফ্যাশন থানার ওসি সামছুল আরেফিন জানান, স্থানীয়রা হাসানকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। সাভারে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক : সাভারের হেমায়েতপুরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সাদ্দাম হোসেন নামে যুবককে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে হেমায়েতপুর চামড়া শিল্পনগরীর পাশের শ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। আটক সাদ্দাম হোসেন (২৬) শ্যামপুর এলাকার কুতুবউদ্দিনের ছেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত