বিশ্বকাপে খেলতে এসে ছন্দহারা বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। এখন পর্যন্ত পাঁচ খেলে নিয়েছেন মাত্র একটি উইকেট। এমন হতাশাজনক পারফরম্যান্সের জন্য কম সমালোচনা শুনতে হচ্ছে না ‘নড়াইল এক্সপ্রেস’কে। মাশরাফীকে খোঁচা দিতে ছাড়লেন না অস্ট্রেলিয়া দলের সাবেক অলরাউন্ডার ব্র্যাড হগও।
হগের ভাষায়, বাংলাদেশ দলকে পেছনে টেনে ধরছেন মাশরাফী। সম্প্রতি নিজের টুইটার অ্যাকাউন্টেন পোস্ট করা এক ভিডিওতে এমনটাই দাবি করেন অস্ট্রেলিয়ার হয়ে ১২৩টি ওয়ানডে খেলা সাবেক এই ক্রিকেটার।
“সবারই লক্ষ্য থাকে বিশ্বকাপে দারুণ কিছু করে শেষ করতে। কিন্তু আমার মনে হচ্ছে আপনার শরীর আর নিতে পারছে না। কিন্তু আপনি শুধু বাংলাদেশ দলকে পেছনে টেনে ধরছেন যেটা কোন অ্যাথলেটিসিজম না। তাই দলে তরুণদের নিন, প্লিজ।”
হগের মন্তব্যের পরের দিনই নটিংহামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ম্যাচটিতে লড়াই করে শেষ পর্যন্ত ৪৮ রানে হেরে যায় মাশরাফীর দল। তাতে বাংলাদেশের সেমি-ফাইনালে ওঠার সম্ভাবনাও অনেকটা ফিকে হয়ে গেছে।
