সুদের টাকা না পাওয়ায় লক্ষ্মীপুরের রামগতিতে এক জেলের বসতবাড়ি পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে রামগতি উপজেলার চরআফজাল এলাকায়। এ ঘটনায় চররমিজ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ও তার ছেলে রিয়াজ হোসেনসহ ছয়জনকে আসামি করে মামলা হয়েছে। জেলে গিয়াস উদ্দিনের আত্মীয় লিটন হোসেন বাদল বাদী হয়ে গত শুক্রবার রাতে রামগতি থানায় এ মামলা করেন।
মামলা সূত্র ও ক্ষতিগ্রস্তদের ভাষ্যমতে, সুদ ও আসল মিলিয়ে আরও ১৪ হাজার টাকা দেওয়ার জন্য গিয়াস উদ্দিন চাপ সৃষ্টি করে আসছিলেন। গত বৃহস্পতিবার সকালে ওই টাকার জন্য চাপ সৃষ্টি করে আওয়ামী লীগ নেতার ভাতিজা দিদার হোসেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনের ইন্ধনে তার লোকজন শাহীনুর আক্তার ও তার পরিবারের ওপর হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা বসতঘরে অগ্নিসংযোগ করে বলে অভিযোগ করেন।
ঘটনার ব্যাপারে জানতে গিয়াস উদ্দিনকে বারবার কল দিলেও ফোন রিসিভ না করায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তার ছেলে রিয়াজ হোসেন বলেন, শাহীনুর আক্তারের কাছে আমার বাবার কিছু টাকা পাওনা রয়েছে। ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে তারা নিজেরাই কেরোসিনে নিজেদের বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। রামগতি থানার ওসি এ টি এম আরিচুল হক জানান, ঘটনার তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
