সময়টা মোটেও ভালো যাচ্ছে না কোপা আমেরিকার ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। প্রথম দুই ম্যাচ থেকে তাদের পয়েন্ট মাত্র ১। গ্রুপ ‘বি’তে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ সময় আজ রাত ১টায় এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের সঙ্গে খেলবে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে হলে এই ম্যাচ জিততেই হবে লিওনেল মেসির দলকে।
প্রথম ম্যাচে কলম্বিয়ার সঙ্গে ২-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচে লিওনেল মেসির দেওয়া পেনাল্টি গোলে ১-১-এ ড্র করে প্যারাগুয়ের বিপক্ষে। ফলে মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপে সবার নিচে অবস্থান আর্জেন্টিনার। কাতারের পয়েন্টও ১, কিন্তু গোল ব্যবধানে আর্জেন্টিনার চেয়ে এগিয়ে তারা। দু’দলের র্যাঙ্কিং হিসাব করলে কাতারের চেয়ে অনেক এগিয়ে আর্জেন্টিনা। কিন্তু কাতারের সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স ভাবাচ্ছে আর্জেন্টিনাকে। বর্তমান এশিয়ান চ্যাম্পিয়ন কাতার। কোপার প্রথম দুই ম্যাচেও দারুণ খেলেছে। প্যারাগুয়ের সঙ্গে ২ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ড্র করে তারা। আর কলম্বিয়ার সঙ্গে ১-০তে হারলেও গোলটি তারা হজম করে ম্যাচের ৮৬ মিনিটে। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে গত ১০ ম্যাচের সাতটিতে জিতেছে কাতার।
অন্যদিকে নিজেদের হারিয়ে খুঁজছে আর্জেন্টিনা। এখন পর্যন্ত খেলা দুই ম্যাচে একমাত্র গোলদাতা লিওনেল মেসি। তাও পেনাল্টি থেকে। তবে এই একজনই গড়ে দিতে পারেন ম্যাচের ভাগ্য। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মেসি ফর্মে ফিরলে বিপদ হবে কাতারের জন্য। কোয়ার্টার ফাইনালে যাবে তিন গ্রুপের শীর্ষ দুই দল এবং তৃতীয় স্থানে থাকা সেরা দুই দল। সেই হিসাবে সেরা তৃতীয় দলের একটি হয়ে যেতে হলে কাতারের বিপক্ষে জিততেই হবে মেসিদের। আর যদি ড্র করে তবে গোল ব্যবধানে এগিয়ে থাকবে কাতার। তখন আর্জেন্টিনাকে তাকিয়ে থাকতে হবে কলম্বিয়া-প্যারাগুয়ে ম্যাচ ও অন্য গ্রুপের ম্যাচের দিকে। ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে প্যারাগুয়ে। এর আগে একবারই কাতারের সঙ্গে খেলেছিল আর্জেন্টিনা। প্রীতি সেই ম্যাচে ৩-০ গোলের জয় পেয়েছিল আর্জেন্টিনা।
