দেখে মনে হচ্ছে মিরাজ ঠিক আছে: রোডস

আপডেট : ২৩ জুন ২০১৯, ০৮:৪৮ পিএম

মাথায় বলের আঘাত পাওয়া মেহেদী হাসান মিরাজকে নিয়ে আশার কথা শোনালেন বাংলাদেশ কোচ স্টিভ রোডস। চোট পাওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে মিরাজকে। রিপোর্ট এখনো হাতে না পেলেও মিরাজকে দেখেছেন রোডস। তিনি বলছেন, ওকে দেখে মনে হচ্ছে সব ঠিক আছে।

সোমবার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। রোববার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসে রোডস মিরাজের চোটের অবস্থার কথা জানান।

বাংলাদেশ কোচ মিরাজকে নিয়ে বলেন, ‘‘একটা সাক্ষাৎকার দিচ্ছিল। নেট থেকে উড়ে আসা বল এ সময় ওর মাথায় লেগেছে। ওকে দেখে মনে হচ্ছে ঠিক আছে সব।’’

রোডস যোগ করে বলেন, ‘‘ফিজিও দেখছে বিষয়টা। ওকে নিয়ে আমি রিপোর্ট পাব। তবে কোনো রক্ত ঝরা বা এমন কিছু হয়নি। আপাতত এতটুকুই আপনাদের বলতে পারছি।’’

রোববার সাউদাম্পটনে অনুশীলন করে বাংলাদেশ দল। অনুশীলনের ফাঁকে নেটের কাছে একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিচ্ছিলেন মিরাজ। এমন সময় একটি বল আঘাত করে মিরাজের মাথায়।

ক্রিকইনফো তাদের প্রতিবেদনে বিসিবির মিডিয়াম ম্যানেজার রাবিদ ইমামের বরাত দিয়ে জানান, মিরাজ নাকি পরে ব্যাটিংও করতে চেয়েছিলেন।

বিশ্বকাপে এখন পর্যন্ত সবগুলো ম্যাচেই খেলেছেন মিরাজ। বোলিং আক্রমণে অন্যতম ভরসা তিনি। ৫ ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। মিরাজের মাথায় আঘাত পাওয়া স্বাভাবিকভাবেই ভাবনার কারণ।

সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে চোটের কারণে একাদশে ছিলেন না সাইফউদ্দিন ও মোসাদ্দেক হোসেন। বিশ্বকাপ চলাকালে চোটে পড়েছিলেন সাকিব আল হাসানও। যদিও কোনো ম্যাচ মিস করতে হয়নি তাকে। এ ছাড়া নেটে অনুশীলনে হাতে আঘাত পেয়েছিলেন মুশফিকুর রহিমও। সব মিলে চোট সমস্যা থেকে বাংলাদেশ যেন বেরোতেই হতে পারছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত