দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডে জায়গা পেয়েছেন নতুন ৩ সদস্য। তারা হলেনÑ সাংবাদিক ও লেখক আবুল মোমেন, অধ্যাপক ড. ফখরুল আলম ও অধ্যাপক ড. পারভীন হাসান। এ ছাড়া ন্যায়পাল হিসেবে নতুন দায়িত্ব নিয়েছেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। গতকাল রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
টিআইবি জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য ড. পারভীন হাসান, লেখক-সাংবাদিক আবুল মোমেন এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. ফখরুল আলম নতুন সদস্য হিসেবে গত ১৯ জুন ট্রাস্টি বোর্ডের শততম সভায় যোগ দেন। অধ্যাপক ড. পারভীন হাসান একই সঙ্গে টিআইবির ট্রাস্টি বোর্ডের মহাসচিব নির্বাচিত হয়েছেন। সদ্য যোগ দেওয়া তিন সদস্য বিদায়ী তিন সদস্য সেলিনা হোসেন, ড. এটিএম শামসুল হুদা ও অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন। এদিকে ট্রাস্টি বোর্ডের পদ ছাড়লেও ন্যায়পালের দায়িত্ব নিয়েছেন সৈয়দ মনজুরুল ইসলাম। তিনি ড. এটিএম শামসুল হুদার স্থলাভিষিক্ত হয়েছেন।
