ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংসদ ও দলের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করেছেন আর তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের বাকি কাজ তিনি বাস্তবায়ন করছেন। গতকাল রবিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রসঙ্গ টেনে তোফায়েল বলেন, বাংলাদেশে যা কিছু অর্জন তা আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে। এ আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু। তার হৃদয়ে বাংলাদেশের স্বাধীনতা ছাড়া আর অন্য কিছু ছিল না। সারা বিশ্বের নির্যাতিত-নিপীড়িত মানুষের নেতা ছিলেন বঙ্গবন্ধু। তিনি বলেন, দুটি স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করেছিলেন। এক হচ্ছে দেশের স্বাধীনতা, অন্যটি ক্ষুধা-দারিদ্র্য দূর করে বাঙালি জাতির অর্থনৈতিক মুক্তি। সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের বাকি কাজ বাস্তবায়ন করছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৮১ সালের ১৭ মে শেখ হাসিনা যখন দেশে ফিরে আসেন তখন আমরা দেখেছিলাম বঙ্গবন্ধুই যেন তার বেশে আমাদের মধ্যে ফিরে এসেছেন। শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ আজ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। প্রস্তাবিত বাজেটে কিছু কিছু অসামঞ্জস্য রয়েছে। আশা করছি, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী এর সমাধান দেবেন।’
×
