কেরানীগঞ্জে আদালত স্থানান্তর

খালেদা জিয়ার রিট কার্যতালিকা থেকে বাদ

আপডেট : ২৪ জুন ২০১৯, ০২:২৭ এএম

আদালত স্থানান্তরের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা রিট আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট। গতকাল রবিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে খালেদা জিয়ার পক্ষে

 ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, এ এম মাহবুব উদ্দিন খোকন, কায়সার কামাল, এ কে এম এহসানুর রহমান প্রমুখ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। পরে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, রিট আবেদনটি পরর্বতী সময়ে অন্য কোনো বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে।

গত ২৬ মে আদালতের অনুমতি নিয়ে খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীরা হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করেন। পরের দিন রিট শুনানিতে হাইকোর্টের আদেশের পর দুদককে পক্ষভুক্ত করা হয়। গত ১১ জুন এক আদেশে রিট আবেদনটি নিয়ে সুপ্রিম কোর্টের অবকাশের পর নিয়মিত বেঞ্চে যাওয়ার পরামর্শ দেয় হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ।

খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার বিচারে পুরান ঢাকার পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগার থেকে বিশেষ জজ আদালত-৯ কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ২ নম্বর ভবনে স্থানান্তরে গত ১২ মে আইন মন্ত্রণালয়ের জারি করা গেজেট কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না মর্মে রুল চাওয়া হয় রিটে। আর রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই গেজেটের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত