সর্বশেষ সিনেমা ‘ভারত’ নিয়ে ফুরফুরে আমেজে আছেন সালমান খান। সিনেমাটি শুধু বক্স অফিসে ভালো ব্যবসাই করেনি, বন্ধু-সহশিল্পী ক্যাটরিনা কাইফের ক্যারিয়ারকে চাঙা করেছে অনেক দিন পর।
এক সময় দুই তারকার প্রেম-বিচ্ছেদ নিয়ে সরব ছিল ভারতীয় গণমাধ্যম। সম্পর্কের এমন উত্থান-পতনে তাদের পর্দা রসায়ন ভাটা পড়েনি। যতবারই একসঙ্গে এসেছেন লুফে নিয়েছে দর্শক।
কয়েক মাস ধরে সম্ভাব্য সব মাধ্যমে ‘ভারত’-এর প্রচারণা করেছেন সালমান ও ক্যাটরিনা। ওই সময় সিনেমা ও নিজেদের প্রসঙ্গে কথার ঝাঁপি মেলে ধরেছিলেন। তেমন এক আলাপে ক্যাটরিনা জানান, তিনি চান সোশ্যাল মিডিয়ায় সালমান আরও সরব হোন।
এক ইনস্টাগ্রাম ছাড়া অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় ভাইজানকে দেখা যায় না। তাও অনিয়মিত।
সম্প্রতি এই বিষয়ে প্রশ্ন করা হলে সালমান জানান, ক্যাটরিনার এই পরামর্শ গুরুত্বের সঙ্গে নিলে তিনি ঝামেলায় জড়িয়ে যেতেন।
বলিউড ভক্ত মাত্রই জানেন, নিজের মতামত প্রকাশে সালমান বরাবরই সৎ। বোঝাই যাচ্ছে তিনি আসলে কী বলতে চেয়েছেন।
সালমান আরও জানান, তার ক্যারিয়ারে সবচেয়ে চ্যালেঞ্জিং সিনেমা ‘ভারত’ নয়। কারণ ‘সুলতান’-এর জন্য কঠোর শারীরিক রূপান্তরের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে।
এই নায়কের পরের ছবি ‘দাবাং থ্রি’ মুক্তি পাবে বড়দিনে। ইতিমধ্যে সিনেমাটির শুটিং শেষ। হাতে আছে আলিয়া ভাটের বিপরীতে সঞ্জয়লীলা বানসালির ‘ইনশাল্লাহ’। শিগগিরই শুরু হবে দৃশ্যায়ন। এ ছাড়া হাই ভোল্টেজ রিয়্যালিটি শো ‘বিগ বস’-এও দেখা যাবে। অন্যদিকে অক্ষয় কুমারের বিপরীতে ‘সূর্যবংশী’র শুটিং করছেন ক্যাটরিনা। এর মাধ্যমে অনেক দিন পর পর্দায় ফিরছে বলিউডের জনপ্রিয় জুটি।
শোনা যাচ্ছে, জনপ্রিয় ‘টাইগার’ সিরিজের তৃতীয় কিস্তির পরিকল্পনা চলছে। দ্বিতীয় কিস্তির মতো নাম ঠিক না হওয়া এই ছবির হাল ধরবেন ‘ভারত’ পরিচালক আলী আব্বাস জাফর। বরাবরের মতোই সালমানের নায়িকা থাকবেন ক্যাটরিনা। তবে পরিচালকের প্রাথমিক মন্তব্য ছাড়া এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
