আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাসাবাড়িতে অবৈধভাবে দেওয়া প্রায় দুই হাজার পরিবারের গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্র্তৃপক্ষ। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার আমতলা, জিরাবো, পুকুরপাড়, কাঠগড়া এলাকার দুর্গাপুর ও পূর্বচালার বিভিন্ন মহল্লায় এ অভিযান পরিচালানা করে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশিন কোম্পানি।
সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করার কাজে তিতাসের ৮০ জন শ্রমিক অংশ নেন।
স্থানীয়দের অভিযোগ, কাঠগড়া এলাকার দুর্গাপুর ও পূর্বচালার বিভিন্ন গ্রামে মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি বাসাবাড়িতে অবৈধ গ্যাস-সংযোগ দেয় ওই এলাকার প্রভাবশালীরা। সকালে তিতাস গ্যাস কর্র্তৃপক্ষ ওই এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে। এ সময় রাইজারগুলো খুলে নেওয়া হয়। তারা বলেন, অত্যন্ত নিম্নমানের পাইপ দিয়ে দেওয়া এসব সংযোগ থেকে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় ছিলাম আমরা।
সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বলেন, এসব সংযোগ যারা দিয়েছে, তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে।
