ডিজিটাল হচ্ছে পোশাক শ্রমিকদের বেতন ব্যবস্থা

আপডেট : ২৫ জুন ২০১৯, ১০:৩৭ পিএম

শ্রমিকদের বেতন ব্যবস্থা শিগগিরই ডিজিটাল করা হবে বলে জানিয়েছেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি রুবানা হক। রাজধানীর একটি হোটেলে গতকাল মঙ্গলবার গার্মেন্ট খাতে বেতন পদ্ধতি ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি) ডিজিটালকরণবিষয়ক এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিজিএমইএ সভাপতি বলেন, পোশাক শ্রমিকরা ডিজিটাল ব্যবস্থায় তাদের বেতন পাবেন। পোশাক শ্রমিকদের জন্য  মোবাইল ব্যাংকিং সেবা ই-ওয়ালেট চালুর জন্য আগামীকাল আইসিটি মন্ত্রণালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হবে। পোশাক শ্রমিকদের ‘ই-ওয়ালেট’ প্ল্যাটফর্মে সম্পৃক্ত হওয়ার জন্য বিকাশের মতো অন্য মোবাইল আর্থিক সেবাদাতা  সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বিজিএমইএ সভাপতি জানান, এখন তাদের প্রধান চ্যালেঞ্জ পোশাক কারখানায় বেতন ডিজিটাল করার প্রক্রিয়া বাস্তবায়ন করা। প্রধান লক্ষ্য ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা জানিয়ে তিনি সব আমলাতান্ত্রিক জটিলতা অতিক্রম করে এগিয়ে  যেতে পারবেন বলে আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফসির সিনিয়র ফিন্যান্সিয়াল সেক্টর বিশেষজ্ঞ অনন্যা ওয়াহিদ কাদের, স্টাইলক্রাফট লিমিটেডের পরিচালক শরীফ আলমাস রহমান, এ বি এ গ্রুপের চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান মৃধা প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত