পুঁজিবাজারে তালিকাভুক্ত আলহাজ টেক্সটাইল লিমিটেড আগামী এক মাস সুতা উৎপাদন ও কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। পরিচালনা পর্ষদের সভায় গত সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
চলতি মূলধনের তীব্র ঘাটতি, গুদাম মজুদ পণ্যে পরিপূর্ণ থাকা ও বাজারে চাহিদা কমে যাওয়ায় কারখানা ও উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আলহাজ টেক্সটাইল। প্রাথমিকভাবে এক মাসের জন্য কারখানাটি বন্ধ রাখার সিদ্ধান্ত হলেও এর মেয়াদ আরও বাড়তে পারে। সমস্যাগুলোর সমাধান, বিশেষ করে চলতি মূলধন ঘাটতি দূর না হওয়া পর্যন্ত কারখানাটি চালু হওয়ার সম্ভাবনা নেই।
এ ব্যাপারে আলহাজ টেক্সটাইলের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. শওকত আলী বলেছেন, বাজারে চাহিদা কমে যাওয়ায় বিক্রি কমেছে। এতে মজুদ পণ্যের পরিমাণ বাড়তে বাড়তে গুদাম পরিপূর্ণ হয়ে গেছে। সেখানে আর নতুন পণ্য রাখার জায়গা নেই। বিপুল পণ্য অবিক্রীত থাকায় কোম্পানির চলতি মূলধনে ঘাটতি দেখা দিয়েছে। এ অবস্থায় সাময়িকভাবে কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
