জুলাইয়ের তৃতীয় সপ্তাহে এইচএসসি ফল প্রকাশ

আপডেট : ২৫ জুন ২০১৯, ১০:৫৮ পিএম

জুলাইয়ের তৃতীয় সপ্তাহে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তাব করা হয়েছে।

শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে আগামী ২০, ২১ ও ২২ জুলাইয়ের যেকোনও একদিন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের অনুমোদন চেয়ে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উচ্চপর্যায়ের একজন কর্মকর্তা মঙ্গলবার এ কথা জানিয়েছেন।

তিনি জানান, সম্ভাব্য এই তারিখগুলোর মধ্যে যেদিন প্রধানমন্ত্রী সময় দিয়ে সম্মতি দেবেন, সেদিনই ফল প্রকাশ করা হবে।

প্রথা অনুযায়ী, ফল প্রকাশের দিন প্রথমে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হয়। এরপর সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী। ফল প্রকাশের দিন দুপুরে শিক্ষা বোর্ডগুলো নিজস্ব ওয়েব সাইটে ফল প্রকাশ করে থাকে।

উল্লেখ্য, এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা ১ এপ্রিল শুরু হয়। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন পরীক্ষায় অংশ নেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত