বগুড়ার নির্বাচন প্রমাণ করে অতীতের নির্বাচন সুষ্ঠু হয়েছে : তথ্যমন্ত্রী

আপডেট : ২৬ জুন ২০১৯, ১২:০১ এএম

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বগুড়ার নির্বাচনই প্রমাণ করে অতীতের নির্বাচনগুলো সুষ্ঠু হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন কমিটির সভায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ইভিএমে বিএনপির বিরোধিতা নিয়ে মন্ত্রী বলেন, ‘বিএনপি ইভিএমের বিরোধিতা করেছে। বগুড়ার নির্বাচন ইভিএমের মাধ্যমে হয়েছে। সেই নির্বাচনে বিএনপি অংশ নিয়েছে এবং তাদের প্রার্থী বেশ ভালো ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। নিশ্চয়ই এ নির্বাচন নিয়ে বিএনপি প্রশ্ন তুলবে না এবং ইভিএমের বিরুদ্ধেও আর বলবে না।’

এক প্রশ্নে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, ‘ভারতে বিটিভি দেখানোর সব সরকারি আয়োজন শেষ হয়েছে। আমাদের টেকনিক্যাল টিম আজকে (মঙ্গলবার) সেখানে যাচ্ছে। তারা ২৭ তারিখ পর্যন্ত থাকবে। তারা আসার পর জুলাই মাসে আমরা দিনক্ষণ ঠিক করব। আমরা চাচ্ছি ভারতের সরকারকেও সেখানে যুক্ত করতে। একটি আনুষ্ঠানিকতার মাধ্যমে বিটিভির সম্প্রচার সেখানে শুরু হবে। সমগ্র ভারতে কোনো ফি ছাড়াই বিটিভি দেখা যাবে।’ ১ জুলাইয়ের পর বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচার হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত