রাসেলকে ৯ কিস্তিতে ৪৫ লাখ টাকা দিতে হবে গ্রিনলাইনকে

আপডেট : ২৬ জুন ২০১৯, ১২:৪৫ এএম

গ্রিনলাইনের বাসচাপায় পা হারানো প্রাইভেট কারচালক রাসেলকে ক্ষতিপূরণ হিসেবে প্রতি মাসে ৫ লাখ করে ৯ মাসে অবশিষ্ট ৪৫ লাখ টাকা পরিশোধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। প্রতি মাসের ৭ তারিখে ওই টাকা দিতে হবে এবং মাসের ১৫ তারিখে এ বিষয়ে আদালতকে প্রতিবেদন দাখিলের মাধ্যমে অবহিত করতে হবে। বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেয়।

ক্ষতিপূরণের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খন্দকার শামসুল হক রেজা। তার সঙ্গে ছিলেন রাসেলের বিষয়ে রিটকারী আইনজীবী উম্মে কুলসুম স্মৃতি। গ্রিনলাইনের পক্ষে ছিলেন আইনজীবী মো. অজি উল্লাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

গত ১০ এপ্রিল এই বেঞ্চের এজলাসে রাসেলের হাতে ৫ লাখ টাকার চেক তুলে দেয় গ্রিনলাইন কর্তৃপক্ষ। অবশিষ্ট টাকা দিতে ১৫ মে পর্যন্ত সময় দেয় হাইকোর্ট। ওই দিন টাকা না দেওয়ায় ২২ মে ফের সময় দেয় আদালত। তবে ওই তারিখেও টাকা না দেওয়ায় হাইকোর্ট অসন্তোষ ও উষ্মা প্রকাশ করে ২৫ জুন (গতকাল) পর্যন্ত সময় দেয় গ্রিনলাইনকে। তবে গতকালও ওই পরিবহন কর্তৃপক্ষ রাসেলকে কোনো টাকা দেয়নি, এমনকি তার সঙ্গে যোগাযোগও করেনি।

গতকাল হাইকোর্ট গ্রিনলাইনের আইনজীবীর উদ্দেশে বলে, ‘আপনাদের (গ্রিনলাইন) আচরণ শোভনীয় নয়। আপনারা আদালতের সঙ্গে যথেষ্ট বেয়াদবি করেছেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে গিয়েছিলেন। সেখানে আবেদন খারিজ হয়েছে। ক্ষতিপূরণের ৫০ লাখ টাকা থেকে কমানোর কোনো সুযোগ  নেই।’ আদালত বলে, ‘প্রতি মাসে ৫ লাখ করে ৯ কিস্তিতে অবশিষ্ট ৪৫ লাখ টাকা দেবেন। আদালতের আদেশ লঙ্ঘন করার কোনো ফন্দিফিকির করলে সরকার আপনাদের কীভাবে পৃষ্ঠপোষকতা করে তা আমরা দেখব। আপনারা স্ট্রাইক করতে পারেন, হরতাল করতে পারেন যা ইচ্ছা তা-ই করতে পারেন। আদালতের আদেশ অবজ্ঞা করলে আমরা সেটি দেখব।’

গত বছরের ২৮ এপ্রিল রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দোলাইরপাড় এলাকায় গ্রিনলাইন পরিবহনের চালকের সঙ্গে কথা-কাটাকাটির জেরে বেসরকারি প্রতিষ্ঠানের প্রাইভেট কারচালক রাসেল সরকারের (২৩) পায়ের ওপর দিয়ে বাস চালিয়ে দেয় গ্রিনলাইনের চালক কবির মিয়া। হাসপাতালে নেওয়ার পর রাসেলের বাঁ পা কেটে ফেলতে হয়। ওই দিনই চালক কবিরকে আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা হয়। 

এ ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক সাংসদ উম্মে কুলসুম স্মৃতি হাইকোর্টে একটি রিট আবেদন করলে ৩১ মার্চ এক আদেশে রাসেলকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেয় হাইকোর্ট। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে গ্রিনলাইন কর্তৃপক্ষ আপিল বিভাগে গেলেও সে আবেদন টেকেনি। ১৪ জানুয়ারি বিচারিক আদালত থেকে জামিন পান চালক কবির।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত