ইমরানের পাকিস্তানের মতোই এগোচ্ছে সরফরাজরা!

আপডেট : ২৬ জুন ২০১৯, ০১:১৬ এএম

হয়তো বা নিছকই কাকতাল। কিন্তু তারপরও ব্যাপারটা বিস্ময় তো জাগায়ই। জাগায় কৌতূহল। ১৯৯২ সালে ইমরান খানের নেতৃত্ব বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। শুরু যারা হাঁটছিল খুঁড়িয়ে খুঁড়িয়ে। ২০১৯ বিশ্বকাপে সরফরাজ আহমেদের দলের বিশ্বকাপ অভিযানও এখন পর্যন্ত সেভাবেই এগিয়ে চলেছে। অবাক করা ব্যাপার হলো ১৯৯২ বিশ্বকাপের সঙ্গে তা হুবহু মিলে যাচ্ছে!

১৯৯২ বিশ্বকাপে ম্যাচ বাই ম্যাচ যে ফলাফলে ছিল, এবারের বিশ্বকাপে প্রথম ছয় ম্যাচে ঠিক একই ফলাফলে এগিয়েছে সরফরাজরা। তবে কি এবার ইমরানের দলের মতো শিরোপাও জিতে নেমে পাকিস্তান?

১৯৯২ বিশ্বকাপে অংশ নিয়েছিল ৯ দল। প্রত্যেক দল প্রথম পর্বে একে অপরের সঙ্গে খেলেছে। এরপর সেরা চার দল খেলেছে ফাইনাল। ১০ দলের এবারের আসরটিও হচ্ছে সেবারের ফরম্যাটে। ১৯৯২ এর আসরে প্রতি ইনিংসে দুই প্রান্ত থেকে দুটি নতুন বল ব্যবহারের সিদ্ধান্ত হয়। এবারো সেই আলোকেই খেলা হচ্ছে।

পাকিস্তানের পারফরম্যান্সে বড় কাকতাল হলো, ৯২’র আসরে প্রথম ছয় ম্যাচে তাদের ফল ছিল যথাক্রমে- হার, জয়, পরিত্যক্ত, হার, হার, জয়। এবারো প্রথম ছয় ম্যাচে একই ধারায় এগিয়েছে দলটি- হার, জয়, পরিত্যক্ত, হার, হার, জয়।

এখানেই শেষ নয়, সেবার নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল পাকিস্তান। এবারো একই প্রতিপক্ষের বিপক্ষে প্রথম ম্যাচ খেলে সরফরাজরা। ফলও হয়েছে একই।

মিল আছে আরো। ১৯৯২ বিশ্বকাপে পাকিস্তান দলে ছিলেন ইনজামাম-উল-হক। এবার আছেন তার ভাইপো ইমাম-উল-হক। সেবার ষষ্ঠ ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পান সোহেল আমির। এবারের আসরেও নিজেদের ষষ্ঠ ম্যাচে ম্যাচসেরা হয়েছেন একজন সোহেল (হারিস সোহেল)।

১৯৯২ বিশ্বকাপের ঠিক আগের দুটি আসরে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া ও ভারত। এবারের আসরের আগের দুটি আসরও জিতেছে ওই দুই দল।

ক্রিকেটের বাইরেও একটা জিনিস মিলে যাচ্ছে। পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ১৯৯২ সালে জেলে ছিলেন। এবারো তিনি জেলে।

তাহলে এবারো কি চ্যাম্পিয়ন হবে পাকিস্তান? বুধবার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে সরফরাজরা। ইমরানের দলের ধারাবাহিতা ধরে রাখতে এই ম্যাচে অবশ্য জিততে হবে তাদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত