কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিন যুবক নিহত হয়েছে। পুলিশ বলছে, নিহতরা ১৫ রোহিঙ্গাকে সাগরপথে পাচারের চেষ্টা মামলার পলাতক আসামিছিল। গতকাল মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার মহেশখালিয়াপাড়া নৌঘাটে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো টেকনাফ উপজেলার নয়াপাড়ার গোলাপাড়া এলাকার আবদুর শুক্কুরের ছেলে কুরবান আলী (৩০), টেকনাফ পৌরসভার কে কে পাড়া এলাকার আলী হোসেনের ছেলে আবদুল কাদের (২৫) ও একই এলাকার সুলতান আহমদের ছেলে আবদুর রহমান (৩০)।
টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে মানব পাচার মামলার আসামিদের ধরতে মহেশখালিয়াপাড়া নৌঘাটে গেলে অস্ত্রধারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে তারা পিছু হটে। পরে ওই তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বন্দুকযুদ্ধে এএসআই সায়েফ, কনস্টেবল মং এবং মো. শুক্কুর আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে তিনটি এলজি (আগ্নেয়াস্ত্র), ১৫ রাউন্ড শটগানের তাজা কার্তুজ ও ২০টি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।
