ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৬টার সময় এই দুর্ঘটনা ঘটে।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলী মাহমুদ জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা মালবোঝাই একটি ট্রাক ময়মনসিংহে আসার পথে মুক্তাগাছার লেংরা বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই চালক ও হেলপার মারা যান। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হবে বলে জানান ওসি।
