বিশ্বকাপের সেমি-ফাইনালে পৌঁছানোর সম্ভাবনা ক্রমেই জোরালো হচ্ছে বাংলাদেশের। পরের ম্যাচে শক্তিশালী ভারতকে হারিয়ে দিতে পারলে আরো জোরালো হবে এই সম্ভাবনা। ম্যাচটিতে বিরাট কোহলি দলের বড় অস্ত্র হতে পারে স্পিন আক্রমণ। সেই আক্রমণ রোখার মতো সক্ষমতা বাংলাদেশের আছে বলে মনে করেন টাইগারদের স্পিন বোলিং কোচ সুনীল যোশি।
সেমি-ফাইনালে পৌঁছাতে অন্যদের হার জিতের হিসেবের সঙ্গে উপমহাদেশের দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান বাধা টপকাতে হবে বাংলাদেশকে। পরের ম্যাচে দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে খেলবে লাল-সবুজরা। বার্মিংহ্যামে এজবাস্টনে ২ জুলাই মাঠে গড়াবে ম্যাচটি।
এই ম্যাচে জয় পাওয়ার মতো সামর্থ বাংলাদেশের আছে মনে করেন যোশি। ম্যাচটি নিয়ে ভারত দলের সাবেক এই তারকা ক্রিকেটার বলেন, “আমরা জানি তারা (ভারত) স্পিন ভালো খেলে। তবে আমরাও ভালো খেলি। আফগানিস্তানের বিপক্ষে আমরা খুব ভালো স্পিন খেলেছি।”
বিশ্বকাপ শুরুর আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও দুই সিরিজে জয় পেয়েছে তারা। বাংলাদেশের সামর্থ্য নিয়ে তাই সন্দেহ নেই যোশির।
বাংলাদেশ নিজস্ব ব্র্যান্ডের ক্রিকেট খেলছে উল্লেখ করে তিনি বলেছেন, “আমরা সাদা বলের ফরম্যাটে নিজেদের প্রমাণ করেছি এবং আয়ারল্যান্ডে ম্যাচ জিতেছিলাম। আমরা ওয়েস্ট ইন্ডিজকে নিজেদের এবং তাদের মাটিতে হারিয়েছি। আমাদের নিজস্ব ব্র্যান্ডের ক্রিকেট আছে। লিটন দাস, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, তামিম ইকবালরা আছে ব্যাটিংয়ে, এরপর মাশরাফি মর্তুজা ও অন্যান্যরা আছে বোলিংয়ে।”
ভারতের দুর্বলতা ও শক্তিমত্তা সম্পর্কে টাইগারদের দীক্ষা দিতে চান যোশি। বাংলাদেশের স্পিন বোলিং কোচ বলেছেন, “আমাদের কোয়ালিটি স্পিনার আছে, ভারতেরও তাই। প্রতিটি দলের শক্তিমত্তা এবং দুর্বলতা আছে। আমি ভারতকে খুব কাছ থেকে দেখেছি যখন আমরা তাদের বিপক্ষে খেলেছি। আমরা জানি তাদেরকে কোথায় বোলিং করতে হবে।”
