অস্ট্রেলিয়ার কাছে ইংল্যান্ডের হারে চলতি বিশ্বকাপে বাংলাদেশের সেমি-ফাইনালে পৌঁছানোর সম্ভাবনা আরো একটু জোরালো হয়েছে। নিজেদের শেষ দুই ম্যাচে জয় পেলে, আর ভাগ্য সহায় হলে সবাইকে অবাক করে দিয়ে বিশ্বসেরার মঞ্চে শেষ চারের টিকিট পেয়ে যেতে পারে লাল-সবুজরা।
আফগানদের বিপক্ষে জয়ের পরও নির্ভার হতে পারছে না বাংলাদেশ। সেমি-ফাইনালে যেতে হলে পরের দুই ম্যাচে ভারত ও পাকিস্তানকে হারাতে হবে তাদের।
মঙ্গলবার পর্যন্ত ৭ ম্যাচে ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। দলটির সেমি-ফাইনালও নিশ্চিত। সমান ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে ইংল্যান্ড। আর সাত ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান পাঁচ নম্বরে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে স্বাগতিক ইংল্যান্ড হেরে যাওয়ায় বাংলাদেশের শেষ চারের সম্ভাবনা আরো একটু উজ্জ্বল। এক্ষেত্রে ইংলিশরা পরের দুই ম্যাচে ভারত বা নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো একটিতে যদি হেরে যায় তাহলে তাদের পয়েন্ট হবে ৯ ম্যাচে ১০।
অন্যদিকে বাংলাদেশ যদি নিজেদের পরের দুই ম্যাচে ভারত-পাকিস্তানের বিপক্ষে জয় পায়, তাহলে পয়েন্ট হবে ১১। এমনটি হলে ১ পয়েন্ট এগিয়ে থেকে ইংল্যান্ডকে টপকে সেমি-ফাইনালে উঠবে মাশরাফী বিন মোর্ত্তজার দল।
সমীকরণটি এমনও হতে পারে- ইংল্যান্ড যদি শেষ দুই ম্যাচের দুটিতেই হেরে যায় তখন তাদের পয়েন্ট হবে ৮। সেক্ষেত্রে নিজেদের শেষ দুই ম্যাচের একটিতে জিতলেই লাল-সবুজদের পয়েন্ট দাঁড়াবে ৯। মিলে যাবে সেমি-ফাইনালের টিকিট।
তবে পরের দুই ম্যাচে ভারত ও পাকিস্তানের বিপক্ষে জিতে নিজেদের কাজটা সেরে রাখাটাই উত্তম হবে বাংলাদেশের জন্য। অন্যথায় বেজে যেতে পারে বিদায় ঘণ্টা।
বাংলাদেশ পরের দুই ম্যাচে জিতলেও তাকিয়ে থাকতে হবে ছোট ছোট কিছু হিসেবের দিকে। অর্থাৎ নজর রাখতে হবে তিনটি দলের ফলাফলের ওপর। এ অবস্থায় বাংলাদেশের নিচে থাকা শ্রীলঙ্কার পরবর্তী তিন ম্যাচের অন্তত একটি হার কামনা করতে হবে। তিনটি করে ম্যাচের মধ্যে একটি করে হার কামনা করতে হবে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের।
বাংলাদেশের পরবর্তী দুই ম্যাচ ২ জুলাই ভারতের বিপক্ষে বার্মিংহ্যামের এজবাস্টনে ও ৫ জুলাই পাকিস্তানের বিপক্ষে লন্ডনের লর্ডসে।
