রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বুধবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল রেল স্টেশনের কাছে আন্তনগর ‘উপবন এক্সপ্রেস’ ট্রেনের দুর্ঘটনা স্থল পরিদর্শন করেন।
পরে এক সংক্ষিপ্ত পথ সভায় মন্ত্রী বলেন, কোন দুর্ঘটনায় আমাদের কাম্য নয়। ব্রিজ ভেঙে নয়, দুর্বল লাইন, নাট বল্টুর কারণেই এই দুর্ঘটনা হতে পারে। তবে তদন্ত কমিটি এটা জানাবে।
বিএনপি জামাত জোটের সময় রেল বিভাগের উন্নয়ন হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, এর সরকারের আমলে আলাদা মন্ত্রণালয় হয়েছে। দৃশ্যমান নানা উন্নয়ন হয়েছে ও হচ্ছে।
এ সময় স্থানীয়দের দাবির প্রেক্ষিতে বরমচাল স্টেশনে ২টি আন্তনগর ট্রেন স্টপেজের আশ্বাস দেন। ঢাকা সিলেট রেল লাইন ডুয়েল গেজ হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ দুর্ঘটনার জন্য রেল মন্ত্রণালয়কে ব্যর্থ বলা যাবে না। বিষয়টি খতিয়ে দেখতে ২টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। রিপোর্টে যা আসবে তা আপনাদের সামনে উপস্থাপন করা হবে। যদি কেউ দায়ী হয়ে থাকে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিবে রেল বিভাগ।
মন্ত্রী বলেন, প্রত্যেক আহতকে ১০ হাজার ও নিহতকে ১ লক্ষ টাকা দেওয়া হবে। এ ছাড়া জেলা প্রশাসনও আর্থিক সহযোগিতা করবে।
এ সময় জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, রেলওয়ের প্রধান প্রকৌশলী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একই সময়ে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন ট্রেন দুর্ঘটনা স্থল পরিদর্শন করেন।
