জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। দীর্ঘ দিন ধরে তিনি রক্তে হিমোগ্লোবিন ও লিভারের সমস্যায় ভুগছেন।
বুধবার সকালে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ‘ক্রিটিক্যাল ইউনিটে’ ভর্তি করা হয়েছে।
এরশাদের ভাই ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের মতিঝিলের এজিবি কলোনির মিলনায়তনে জাতীয় পার্টির সিলেট ও চট্টগ্রামের বিভাগীয় সম্মেলনে এ কথা জানান।
তিনি বলেন, খোদা না করুক, তার কিছু হয়ে গেলে কী হবে? আমি বলি এরশাদের নির্দেশিত পথে, নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিকভাবে জাতীয় পার্টি চলবে।
এরশাদ পরিণত বয়সে উপনীত হয়েছেন উল্লেখ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেয়ারম্যান নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, অনেকের মনেই প্রশ্ন আছে, এরশাদের অবর্তমানে পার্টির কী হবে। তার অবর্তমানে কিছু সমস্যা হতে পারে। এখন তার নামে যা হচ্ছে, তখন সেটা হবে না। অর্জন করে নিতে হবে।
