প্রথমবারের মতো পাওলি দামের সঙ্গে অভিনয় করছেন দেব। পরিচালনা করছেন লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়। এমন চমকে দেওয়া ঘোষণা নিয়ে প্রকাশ্যে আসে ‘সাঁঝবাতি’ সিনেমাটি। অবশ্য পরে জানা যায়, দেব প্রযোজিত অন্য ছবিতেও আছেন এই অভিনেত্রী।
সম্প্রতি লোকসভা নির্বাচনের পর প্রথম অধিবেশনে শপথ নিয়েছেন দেব। এবার সব সরিয়ে নেমে পড়েছেন অভিনয়ে। ‘সাঁঝবাতি’র শুটিং শুরু হয়েছে। সেই সঙ্গে সামনে এসেছে ফার্স্টলুক তথা পয়লা দর্শন।
সম্প্রতি শুটিং শুরু হয়েছে এই ছবির। টুইট করে এ কথা জানিয়েছেন দেব নিজে। বলা হচ্ছে, প্রকৃতই চেনা ছকের বাইরে ‘সাঁঝবাতি’।
ছবির আরও চমক হলো- প্রথমবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে এক ফ্রেমে দেখা যাবে দেবকে। আছেন অর্পিতা চট্টোপাধ্যায়ও।
‘মাটি’র পর লীনা ও শৈবালের এটি দ্বিতীয় ছবি। পরিচালক লীনার কথায়, “ছবির গল্পটা লিখতে লিখতেই দেবের কথা মাথায় আসে। আর দেব-পাওলি কিংবা অর্পিতা, প্রত্যেককেই নতুন রূপে দেখতে পাবেন দর্শক। গল্পটায় সন্ধ্যাবেলার একটা সুর আছে, প্রদীপের স্নিগ্ধতা রয়েছে।”
কলকাতা ও গ্রামাঞ্চলে শুটিং হবে ‘সাঁঝবাতি’ র। তার আগে কাজ যতটা এগিয়ে রাখা যায় সেইদিকেই নজর কলাকুশলীদের।
আপাতত নিজের প্রযোজনায় কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘পাসওয়ার্ড’ ছবি নিয়েও ব্যস্ত দেব।
