স্মার্টফোনে ১০% শুল্ককর চান ব্যবসায়ীরা

আপডেট : ২৬ জুন ২০১৯, ১০:৩৩ পিএম

আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্মার্টফোন আমদানির ওপর আরোপিত বাড়তি শুল্ককর প্রত্যাহার করে আগের মতো ১০ শতাংশ শুল্কারোপের দাবি জানিয়েছে বাংলাদেশ মোবাইল ফোন ব্যবসায়ী সমিতি (বিএমবিএ)। না হলে এ খাত মারাত্মক ক্ষতির

মুখোমুখি হবে উল্লেখ করে সংগঠনটির সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু বলেছেন, এতে সরকারের উন্নয়নও বাধাগ্রস্ত হবে।

গতকাল বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জিটু জানান, ডিজিটাল বাংলাদেশের প্রধান হাতিয়ার স্মার্টফোন। এর ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়ছে। এখন মোবাইল ফোন সেটের ওপর ১০ শতাংশ শুল্ক আছে। এ হিসাবে স্মার্টফোন আমদানিতে আমাদের মোট কর দিতে হয় ৩১ দশমিক ৭৫ শতাংশ। প্রস্তাবিত বাজেটে আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার কথা বলা হয়েছে। এতে করের পরিমাণ বাড়বে ৫৭ দশমিক ৩১ শতাংশ। এতে স্মার্টফোনের দাম অনেক বেড়ে যাবে।

তিনি আরও বলেন, দেশে অবৈধ মোবাইল ফোনসেটের সংখ্যা তিন কোটি। একটি স্মার্টফোনের আমদানি শুল্ক ৩ হাজার টাকা ধরলে শুধু অবৈধ সেটের কারণে সরকার বছরে রাজস্ব হারাচ্ছে ৯ হাজার কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে শুল্ক আরও বাড়ানোর কারণে অবৈধভাবে সেট আসা বেড়ে যাবে। এজন্য বছরে ১২ হাজার কোটি টাকা পাচার হতে পারে। তাতে সরকার ৪ হাজার কোটি টাকার রাজস্ব বঞ্চিত হবে। বাড়তি শুল্কারোপের কারণে বৈধভাবে আমদানি কমে গেলে সেখান থেকে সরকারের রাজস্ব কমবে প্রায় ২ হাজার কোটি টাকা।

আলোচনা সভায় বিএমবিএ’র সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, সহ-সভাপতি মো. হোসেন হায়দার, মোহাম্মদ জহির উদ্দিন পরান, সিনিয়র সদস্য মেজবাহুর রহমান ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত