অবাক করা তথ্য দিলেন হলিউড তারকা কেভিন কসনার। ১৯৯২ সালে মুক্তি পাওয়া ‘দ্য বডিগার্ড’ সিনেমার পোস্টারে ছিলেন না হুইটনি হিউস্টন। অথচ প্রয়াত এই পপতারকাই ছিলেন কেন্দ্রীয় চরিত্রে। এন্টারটেইনমেন্ট উইকলিকে দেওয়া সাক্ষাৎকারে সম্প্রতি কসনার বিষয়টি উল্লেখ করেন। পোস্টারে দেখা যায়, নাইট ক্লাবের বাইরে র্যাচেল মারুনকে কোলে করে নিয়ে যাচ্ছে ফ্রাঙ্ক ফার্মার। দুই চরিত্রে ছিলেন হিউস্টন ও কসনার। তবে পোস্টারের ওই নারী ছিল অন্য কেউ। কসনার জানান, এটা আসলেই হুইটনি ছিলেন না। তিনি বাসায় চলে যাওয়ায় বডি ডাবল ব্যবহার করে দৃশ্যটি ধারণ করা হয়। আর নায়িকার মাথা ছিল তার কাঁধে গোঁজা। তাই কেউ ব্যাপারটি বুঝতেই পারেনি। আইকনিক ছবিটি তোলার কৃতিত্ব কসনারের। যদিও প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রস প্রথমে পোস্টারে ছবিটি ব্যবহারে অনিচ্ছুক ছিল। তারা চেয়েছিল পোস্টারে হিউস্টনের চেহারা দেখাতে। ছবিতে কসনারের চরিত্র ছিল সাবেক সিক্রেট এজেন্ট থেকে নিরাপত্তারক্ষী বনে যাওয়া এক ব্যক্তির। অন্যদিকে হিউস্টন অভিনয় করেন সংগীত তারকার। মাইক জ্যাকসন পরিচালিত সিনেমাটিতে চমৎকার সব গান করেন তিনি, যা ছবির সাফল্যে দারুণ ভূমিকা রাখে। মাত্র আড়াই কোটি বাজেটের ‘দ্য বডিগার্ড’ বক্স অফিসে আয় করে ৪১ কোটি ডলারের বেশি। মজার বিষয় হলো লরেন্স কাসডন সিনেমাটির গল্প লিখেছিলেন ১৯৭০-এর দশকের মাঝামাঝিতে। আর প্রধান দুই চরিত্রে ভাবা হয়েছিল স্টিভ ম্যাককুইন ও ডায়ানা রসকে।
×
