‘শিগগিরই খালেদা জিয়া মুক্তি পাবেন’

আপডেট : ২৬ জুন ২০১৯, ১০:৪৪ পিএম

আইনি প্রক্রিয়ায় শিগগিরই কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি পাবেন বলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ আশাবাদ ব্যক্ত করেছেন।

বুধবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবস-২০১৯ উপলক্ষে বিএনপির উদ্যোগে ‘নীরবতা নির্যাতনের কারণ হতে পারে’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।

সেমিনারের শুরুতে নিপীড়ন-নির্যাতন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘রাইট টু লাইভ’ দেখান হয়।

সেমিনারে আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলের ‘নির্যাতনের’ চিত্র তুলে ধরেন গত বছর নির্যাতিত নোয়াখালীর সুবর্ণচরের পারুল বেগম, সিরাজগঞ্জের মেরিনা মেরী, ময়মনসিংহের নুরুজ্জামান চাঁন, রাজশাহীর দুর্গাপুরের মোশতাক আহমেদ, চট্টগ্রামের মোহাম্মদ ইয়াসিন, ঢাকার আনিসুর রহমান তালুকদার খোকন, আকরাম হোসেন, সিরাজুল ইসলাম।

নরসিংদীর তানজিরুল হক লিমনকে হুইল চেয়ারে অনুষ্ঠানস্থলে নিয়ে আসার পর তার অবস্থা তুলে ধরেন তা মা মমতাজ বেগম। অনুষ্ঠানে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভারত, জাপান, ইউএনডিপিসহ কয়েকটি দেশের কুটনীতিকরা উপস্থিত ছিলেন।

সেমিনারে মওদুদ আহমদ বলেন, ‘আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে আইনের মাধ্যমে কারাগার থেকে বের করে আনব। গত সপ্তাহে বলেছিলাম আমাদের নেত্রী দুটি মামলায় জামিন পাবেন, পেয়েছেনও। খুব শিগগিরই তিনি জামিনের মাধ্যমে মুক্তি পাবেন। আবারও তিনি গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের নেতৃত্ব দেবেন।’

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে বর্তমানে যে অবস্থা বিরাজ করছে তা থেকে বের হওয়ার একমাত্র উপায় জনগণের শক্তি দিয়ে ক্ষমতাসীন একদলীয় স্বৈরাচারী সরকারকে বিদায় করা। সে জন্য আমাদের সবচেয়ে বড় যেটা প্রয়োজন ঐক্য, ঐক্য, ঐক্য। বুদ্ধিজীবী, মানবাধিকারসহ বিভিন্ন সামাজিক সংগঠনে জড়িতদের ঐক্যবদ্ধ করতে হবে।

সরকারের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, আমাদের প্রধান দাবি কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি। এর পরের দাবি হচ্ছে, অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের আয়োজন করা।

দলের মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট ফারজানা শারমিন, জাহেদুল আলম হিটো ও ব্যারিস্টার জুয়েল মন্ডলের পরিচালনায় সেমিনারে আরো বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিলারা চৌধুরী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত