বিএনপিকে শোভাযাত্রায় পুলিশের বাধা

আপডেট : ২৭ জুন ২০১৯, ০৩:০০ এএম

অনুমতি না থাকার কারণ দেখিয়ে গতকাল বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপিকে ‘নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসের’ শোভাযাত্রা বের করতে দেয়নি পুলিশ। বিএনপি নেতারা অভিযোগ করে বলেছেন, শোভাযাত্রায় অংশ নিতে আসা নেতাকর্মীদের মধ্যে থেকে অন্তত ২৫ নেতাকর্মীকে আটক করেছে পল্টন থানা পুলিশ। পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার মিশু বিশ্বাস সাংবাদিকদের বলেছেন, শোভাযাত্রার কোনো অনুমতি ছিল না। তাই ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশে শোভাযাত্রা করতে দেওয়া হয়নি। তারা ৮/৯ জন নেতাকর্মীকে আটক করেছে।

শোভাযাত্রা করতে না পেরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, সরকারের নির্যাতনের চিত্র প্রচারিত হলে লজ্জা পাবে। তাই পুলিশ দিয়ে শোভাযাত্রা প- করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, শোভাযাত্রায় অংশ নিতে আসা অন্তত ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল ছিল ‘নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবস।’ দিবসটি উপলক্ষে সকাল ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করার কর্মসূচি ছিল। শোভাযাত্রার অনুমতি না দেওয়ায় সরকারের সমালোচনা করে রিজভী বলেন, বিশ্বের প্রতিটি দেশে এই দিবস পালন করা হচ্ছে। বিএনপি একটি বৃহত্তম রাজনৈতিক দল। বিএনপিকে কর্মসূচি পালন করতে দিল না অনুমতি না থাকার অজুহাতে। যদিও বিএনপির পক্ষ থেকে অনুমতি চেয়ে চিঠি পাঠানো হয়েছিল। শোভাযাত্রা ঘিরে রেখে পুলিশ বিএনপি নেতাকর্মীদের আটক করেছে অভিযোগ করে অবিলম্বে তাদের মুক্তি দাবি করেন তিনি। 

সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-সচিব খাইরুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায়, যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি মোরতাজুল করিম বাদরু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত