নিউজিল্যান্ডের বিপক্ষে দলকে জয় এনে দেওয়া এক সেঞ্চুরি হাঁকিয়ে নিজেকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছেন পাকিস্তানের ব্যাটসম্যান বাবর আজম। এই শতকে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ রানের তালিকায় ভারতের বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ছাড়িয়ে গেলেন টপ অর্ডার এই ব্যাটসম্যান। নাম লিখিয়েছেন পাকিস্তানকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক ইমরান খানের পাশে।
বার্মিংহ্যামের এজবাস্টনে বুধবার বিশ্বকাপের নিজেদের টিকিয়ে রাখার ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারায় পাকিস্তান। ১২৭ বলে ১১ চারে হার না মানা ১০১ রান করে এই জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন বাবর। এক শতক ও দুই অর্ধশতকে চলতি বিশ্বকাপে ছয় ম্যাচে তার রান দাঁড়িয়েছে ৩৩৩। আছেন ষষ্ঠস্থানে। চার ম্যাচে ৩২০ রান নিয়ে এই তালিকায় অষ্টম স্থানে আছেন ভারতের ওপেনিং ব্যাটসম্যান রোহিত। ২৪৪ রান নিয়ে ত্রয়োদশ স্থানে আছেন দলটির অধিনায়ক কোহলি।
সাত ম্যাচে দুই সেঞ্চুরি ও তিন অর্ধশতকসহ ৫০০ রান নিয়ে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। চার রান কম নিয়ে দ্বিতীয় স্থানে আছেন দলের আরেক ওপেনিং ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ। ছয় ম্যাচে ৪৭৬ রান নিয়ে তৃতীয়স্থানে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। ৩২৭ রান নিয়ে সপ্তম স্থানে আছেন মুশফিকুর রহিম।
এই সেঞ্চুরিতে আরো একটি কীর্তি গড়েছেন বাবর। বিশ্ব মঞ্চে শতকের দেখা যাওয়া পাকিস্তানের হয়ে দশম ব্যাটসম্যান হলেন তিনি। বিশ্বকাপে দেশটির হয়ে বিশ্বকাপে সেঞ্চুরি হাঁকানো ব্যাটসম্যানরা হলেন- ইমরান খান, জহির আব্বাস, জাভেদ মিয়াঁদাদ, রমিজ রাজা, সেলিম মালিক, আমির সোহেল, সাঈদ আনোয়ার, ইমরান নাজির ও সরফরাজ আহমেদ।
এর মধ্যে বিশ্বকাপে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি করেছেন রমিজ রাজা। এছাড়া দুটি সেঞ্চুরি করেছেন আমির সোহেল ও সাঈদ আনোয়ার।
