বাকি দুই ম্যাচ ইংল্যান্ডের জন্য ‘কোয়ার্টার-ফাইনাল’

আপডেট : ২৭ জুন ২০১৯, ০৩:৫৯ পিএম

অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ায় বিশ্বকাপে সেমি-ফাইনালে ওঠা নিয়ে অনেকটা অনিশ্চয়তা পড়ে গেছে ইংল্যান্ড। তাতে সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের। এমন অবস্থায় শেষ চারে যেতে নিজেদের বাকি দুই ম্যাচে ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প নেই ইংলিশদের। ম্যাচ দুটিকে কোয়ার্টার-ফাইনাল বলে উল্লেখ করেছেন দলটির তারকা ব্যাটসম্যান জো রুট।

চলতি বিশ্বকাপে সবার আগে সেমি-ফাইনাল নিশ্চিত করে ফেলেছে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বাকি তিন দল কারা হবে তা এখনই বলা যাচ্ছে না। এই দৌড়ে ভারত-নিউজিল্যান্ড এগিয়ে থাকলেও তাদেরও রয়েছে বাদ পড়ার সম্ভাবনা।

সাত ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ইংল্যান্ড। স্বাগতিকদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সমান ৭ ম্যাচে ৭ পয়েন্ট সংগ্রহ করা বাংলাদেশ ও পাকিস্তান। পিছিয়ে নেই শ্রীলঙ্কাও, তাদের সংগ্রহ ৬ ম্যাচে ৬ পয়েন্ট। তাই ইংল্যান্ড তাদের বাকি দুইটি ম্যাচকে অনানুষ্ঠানিক ‘কোয়ার্টার-ফাইনাল’ মনে করছে।

ইংল্যান্ডের বাকি দুইটি ম্যাচ ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে। বিশ্বকাপে ১৯৯২ থেকে ২০১৫ পর্যন্ত এই দুই দলের কাছে থেকে জয় ছিনিয়ে নিতে পারেনি ইংল্যান্ড। পরবর্তী দুইটি ম্যাচ ইংল্যান্ড কতটা গুরুত্বের সঙ্গে নিচ্ছে তা বোঝে গেল জো রুটের কথায়।

“আমরা এই ম্যাচ দুইটিকে কোয়ার্টার-ফাইনাল হিসেবে নিচ্ছি। আর টিকে থাকতে হলে, নকআউট স্টেজে আপনাকেই জিততেই হবে। হ্যাঁ, পরের ম্যাচ দুইটিকে এভাবেই চিন্তা করে ভালো করতে চাই।”

“আমি মনে করি, আমরা সেমি-ফাইনালে যাওয়াসহ আরও বেশি কিছু করার ক্ষমতা রাখি। আর আপনি যখন সেমি-ফাইনালে চলে যাবেন তখন আর কেউ মনে রাখবে না, আপনি কতটা সংগ্রাম করে এখানে এসেছেন।”

গুরুত্বপূর্ণ ম্যাচ দুটির প্রথমটিতে আগামী রোববার ভারতের সঙ্গে লড়বে ইংল্যান্ড। ৩ জুলাই  নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত