টাইগারদের কাছে হারার পর রোমানকে গালি দেন দ.আফ্রিকান বন্ধু

আপডেট : ২৭ জুন ২০১৯, ১০:০৩ পিএম

মাশরাফী বিন মোর্ত্তজা, সাকিব আল হাসানরা যখন ক্রিকেট বিশ্বকাপের মিশনে, ঠিক তখন আর্চারিতে বিশ্ব মাতিয়ে ফিরেছেন রোমান সানা। ক’দিন আগে নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হওয়া ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে দেশকে ইতিহাসে প্রথমবারের মতো পদক উপহার দিয়েছেন এই আর্চার। শুধু তাই নয়, সেমিফাইনালে ওঠার পথে রোমান কাটেন অলিম্পিকের টিকিট।

ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিল প্রায় ৯০টির মতো দেশ। এক কথায় যা বিশ্বের নানা প্রান্তের আর্চারদের মিলন মেলা। এই দেশগুলোর মধ্যে খুব কম সংখ্যক দেশই ক্রিকেট খেলে। বিশ্বকাপ চললেও তাই ক্রিকেটীয় আলোচনা সেখানে কাউকে খুব একটা স্পর্শ করে না।

তবে বাংলাদেশের জন্য তো বিষয়টা ব্যক্তিক্রম। বিশ্ব আর্চারি মাতিয়ে ফেরার পর রোমান সানা আড্ডার ছলে দেশ রূপান্তরের এই প্রতিবেদককে জানালেন নানা গল্প। প্রসঙ্গক্রমে ক্রিকেটের গল্প বলতে গিয়ে বললেন, টাইগারদের কাছে হারের পর তার এক দক্ষিণ আফ্রিকান আর্চার বন্ধু গালি দিয়েছিলেন তাকে।

আর্চারি চ্যাম্পিয়নশিপ থেকে ফেরার পর রোমানের সঙ্গে আড্ডা চলছিল আর্চারি নিয়েই। কিন্তু সেখানে ক্রিকেট আসার কারণ সাকিব আল হাসান। রোমান অলিম্পিকে কোয়ালিফাই করায় বিশ্বসেরা অলরাউন্ডার ফেসবুক স্ট্যাটাসে অভিনন্দন জানান। সেটি রোমানকে মনে করিয়ে দিতেই বললেন, ‘‘আমি সত্যিই আনন্দিত। এটা ভাষায় প্রকাশ করতে পারব না। আমি তার খেলার খুব ভক্ত।’’

সাকিব দুর্দান্ত পারফর্ম করে চলেছেন বিশ্বকাপে। রোমান শুভ কামান জানান বিশ্বসেরা অলরাউন্ডারের জন্য, ‘‘দোয়া করি উনি আরো অনেক ভালো করুন। বাংলাদেশ দল ফাইনালে যাক।’’

এই কথা বলার পরই রোমান নিজে থেকেই সেই গল্পে ঢোকেন। বলে যান, ‘‘একটা সত্যি ঘটনা বলি। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ চলাকালে আমি তখন প্র্যাকটিস করছিলাম। তখন দক্ষিণ আফ্রিকার এক আর্চার, যার সঙ্গে সুইজারল্যান্ডের ক্যাম্পে থাকার সময় আমার পরিচয় ও বন্ধুত্ব। দেখা হতেই আমার সঙ্গে রাগ দেখাল। বলল, তোমাদের বাংলাদেশ আমাদের দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিল…।’’

রোমান বলেন, ‘‘আমার ওই আর্চার বন্ধু এর পর আমাকে গালিও দিয়েছিল (হেসে)। বলল, বাংলাদেশ অনেক উন্নতি করেছে। আমি তখন এতটা আনন্দিত ছিলাম বলে বোঝাতে পারব না।’’

বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করে। শেষ পর্যন্ত প্রোটিয়াদের বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে। আর ৭ ম্যাচে ৩ খেলায় জেতা বাংলাদেশ এখন সেমিফাইনালের স্বপ্নে বিভোর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত