মাত্র এক বছরের ব্যবধানে, ফের সুইজ্যারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানত বেড়েছে প্রায় ১৩শ কোটি টাকা।
বৃহস্পতিবার বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানায় দেশটির কেন্দ্রীয় ব্যাংক- সুইস ন্যাশনাল ব্যাংক বা এসএনবি।
প্রতিবেদন বলছে, ২০১৮-এর ডিসেম্বর পর্যন্ত সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানত দাঁড়িয়েছে ৬১ কোটি ৭৭ লাখ সুইস ফ্রাঁ। দেশি মুদ্রায় যা ৫ হাজার ৩শ ৪৩ কোটি টাকা।
মাঝে ২০১৭ সালে এ অংক কিছুটা কমেছিল। তখন জমা ছিল ৪৮ কোটি ১৩ লাখ ফ্রাঁ বা ৪ হাজার ৬৯ কোটি টাকা। আর ২০১৬ তে জমার পরিমাণ ছিল সাড়ে ৫ হাজার কোটি টাকা
ধনীদের অর্থ গোপনে গচ্ছিত রাখার জন্য বহুযুগের খ্যাতি সুইজারল্যান্ডের। প্রায় দু শ বছর ধরে ব্যাংকিং সেবার কেন্দ্র ইউরোপের দেশটি। ৮০ লাখ মানুষের দেশে ব্যাংক আছে ২৪৮ টি।
ধারণা করা হয় গ্রাহকের নাম-পরিচয় গোপন রেখে অবৈধ আয় আর কর ফাঁকি দিয়ে জমানো টাকা রাখা হয় সুইস ব্যাংকে।
