আজ উপমহাদেশের দল শ্রীলঙ্কার জন্য খুব গুরুত্বপূর্ণ এক ম্যাচ। টুর্নামেন্টে বিবেচনায় দক্ষিণ আফ্রিকার জন্য তা হয়তো নয়। কারণ, ছয় ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এখনো বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা লঙ্কানরা বাঁচিয়ে রেখেছে। ওদিকে প্রোটিয়াদের সেই আশা শেষ হয়ে গেছে আগেই। আর জিতলে ৮ পয়েন্ট নিয়ে নিজেদের আশা বাঁচিয়ে রাখবে শ্রীলঙ্কা।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত অস্ট্রেলিয়া সবচেয়ে নিরাপদ অবস্থানে। তারা একমাত্র দল যারা সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। বাকি তিন জায়গার জন্য লড়ছে ছয় দল। দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের বিদায় হয়ে গেছে।
ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে জিতে শ্রীলঙ্কা প্রথম জমিয়ে দেয় এবারের টুর্নামেন্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা জিততে পারেনি। কিন্তু তাদের ওপেনাররা ও বিশেষ করে শীর্ষ চার যেভাবে ব্যাট করেছে তা আত্মবিশ্বাস বাড়ানোর মতো। ওদিকে প্রোটিয়াদের আত্মবিশ্বাস তলানিতে থাকার কথা। একমাত্র আফগানিস্তানের বিপক্ষে জিতেছে তারা। বাকি সব ম্যাচ হেরেছে। তাদের একটা ম্যাচ অবশ্য বৃষ্টির কারণে হয়নি। তারা দল হিসেবে খেলতে পারছে না বলেই মনে হচ্ছে।
শ্রীলঙ্কার ইতিহাস যদি দেখি তাহলে দেখব বিশ্বকাপ ও আইসিসির ইভেন্টে তারা বরাবর ভালো। এবার তাদের দল ফর্মে ছিল না। তারপরও তারা ভালো দুটি ম্যাচ জিতেছে। আফগানিস্তানের সঙ্গে লো স্কোরিং ম্যাচটা জিতেছে। হট ফেভারিট ইংল্যান্ডকে হারিয়েছে। এই বিশ্বকাপে তাদের বোলিংকে আমার বরাবর ভালো মনে হয়েছে। ব্যাটসম্যানরা শুধু একসঙ্গে নিজেদের সেরাটা দিয়ে খেলতে পারছে না। শেষ ম্যাচে সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে পারফরম্যান্স আশা করেছিল তারা। অ্যাঞ্জেলো ম্যাথুস ব্যাট হাতে সেটা করে দেখিয়েছে। ৮৫ রান করে অপরাজিত ছিল। বাকি ব্যাটসম্যানরা টুকটাক খেলছে। কিন্তু বিশেষ করে তাদের ব্যাটসম্যানদের এক হয়ে ভালো খেলা গুরুত্বপূর্ণ।
তাদের কোচ চন্দিকা হাথুরুসিংহে। আমি সবসময় বলে আসছি, তিনি খুব উঁচুমানের কোচ। আমার কাছে মনে হয়, ভাগ্যও তার সঙ্গে আছে। সব মিলে আমার কেন যেন মনে হচ্ছে আজ শ্রীলঙ্কা হারিয়ে দেবে দক্ষিণ আফ্রিকাকে। যেহেতু তারা শেষ চারে যাওয়ার প্রতিযোগিতায় আছে।
আসলে দর্শক হিসেবে বলব, এখন বিশ্বকাপে খুব চমৎকার খেলা দেখছি আমরা। নিউজিল্যান্ড ছিল অপরাজিত। পাকিস্তান প্রায় ছিটকে পড়ছিল। এ অবস্থায় বুধবার নিউজিল্যান্ডকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে সরফরাজের দল। আর সেটা করেছে চমৎকারভাবে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করেছে তারা। আর তাদের ব্যাট করার সময় উইকেট এতটা সহজ ছিল না। বল খুব টার্ন করছিল। কিন্তু বাবর আজম অসাধারণ একটা ইনিংস খেলেছে। হারিস সোহেল ভয়ডরহীন চমৎকার খেলা খেলল। আমার চোখে এখন বিশ্বকাপে আমাদের এশিয়ার দলগুলো দারুণ খেলছে। বাংলাদেশ দুর্দান্ত। এখনো সেমিফাইনালে খেলার লড়াইয়ে আছে। ভারতকে তো সেরা দলই বলব। হাল না ছেড়ে লড়ে যাচ্ছে শ্রীলঙ্কা আর পাকিস্তানও। আমার কাছে এই কারণে ভালো লাগছে যে, টুর্নামেন্ট জমজমাট হয়ে আছে এবং এশিয়ার দলগুলো সেখানে ভালো খেলছে।
বাংলাদেশের সমর্থক হিসেবে বলব, শ্রীলঙ্কা আজকের ম্যাচে হারলে ভালো। তাহলে তারা রেস থেকে আউট হয়ে যাবে। বাংলাদেশের একজন প্রতিযোগী কমবে। কিন্তু ক্রিকেটপ্রেমী দর্শক হিসেবে দেখলে, উপভোগ করতে চাইলে দেখবেন শ্রীলঙ্কা এই ম্যাচে জিতলে বিশ্বকাপের প্রতিযোগিতা আরও বাড়বে।
