বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনোয়া প্রিফন্টেন বলেছেন, কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরত পাঠানো কানাডার বিদ্যমান আইন সমর্থন করে না। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) মিলনায়তনে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে বাংলাদেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ কানাডার আদালতে মামলা করেছে। এ বিষয়ে এখন আদালত সিদ্ধান্ত নেবে।
কানাডার হাইকমিশনার বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে আছে কানাডা। ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য কানাডা সহায়তা দিয়ে আসছে। ২০১৭ সালে এই সংকটের শুরু থেকেই কানাডা সরকার ৮৬ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলার রোহিঙ্গারে জন্য মানবিক সহায়তা দিয়েছে।
বেনোয়ে প্রিফন্টেইন বলেন, কানাডায় বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ রয়েছে। সেখানে বাংলাদেশি শিক্ষার্থীও বাড়ছে। ২০১৮ সালে কানাডায় সাড়ে ছয় হাজারেরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী পড়তে গেছেন।
এক প্রশ্নের উত্তরে কানাডার হাইকমিশনার বলেন, বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে কানাডার ভালো সম্পর্ক রয়েছে। সেটা সরকার বা বিরোধী দল উভয়েরই। অনুষ্ঠানে ডিক্যাব সভাপতি রাহীদ এজাজ ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম বক্তব্য দেন।
