ঠাকুরগাঁও সদরে যৌন হয়রানির প্রতিবাদ করায় ভাতিজার ছুরিকাঘাতে আহত তরুণী তানজিনা আক্তার (২০) গতকাল বৃহস্পতিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন বলে জানিয়েছেন তার বাবা হামিদ আলী। গত ২০ জুন তিনি উপজেলার সালন্দর ইউনিয়নের মাদ্রাসাপাড়ার বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে আহত হন। তানজিনা একটি বেসরকারি চক্ষু হাসপাতালের নার্স ছিলেন। এ ছাড়া সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিজ বাড়ি থেকে গতকাল ব্যবসায়ী ও তার ৯০ বছর বয়সী মায়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এদিকে নেত্রকোনা পৌর এলাকায় গত বুধবার রাতে নাতিকে মারার প্রতিকার চাইতে গিয়ে মারধরের পর এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া নড়াইলে পরকীয়ায় বাধা দেওয়ায় যুবককে ফুফুর প্রেমিকের হাতে পিটিয়ে হত্যা ও নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিশুসন্তানের সামনে ব্যবসায়ীকে দুর্বৃত্তদের কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবর
ঠাকুরগাঁও : নার্স তানজিনার বাবা হামিদ আলী বলেন, জীবন প্রতিদিন এলাকার স্কুলগামী বিভিন্ন মেয়েকে উত্ত্যক্ত করত। ভুক্তভোগী ছাত্রীরা অভিযোগ করার পর জীবনকে শাসন করেন তানজিনা। এরই জের ধরে গত ২০ জুন সকালে শহরে গ্রামীণ চক্ষু হাসপাতালে যাওয়ার পথে ধারালো অস্ত্র দিয়ে তার হাত ও বুকে-পিঠে এলোপাতাড়ি আঘাত করা হয়। পরে স্থানীয়রা তানজিনাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে পরদিন তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গতকাল সকালে সেখানে তার মৃত্যু হয়।
ঠাকুরগাঁও থানার ওসি আশিকুর রহমান বলেন, এ ঘটনায় একই দিন মেয়েকে হত্যাচেষ্টার অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন তানজিনা আক্তারের বাবা। এরপর সেদিনই মূল আসামি জীবনকে গ্রেপ্তার করা হয়। তানজিনার মৃত্যুতে এখন মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে।
সিরাজগঞ্জ : উল্লাপাড়ার দুর্গানগর ইউনিয়নের মহেশপুর গ্রামের বাড়ির বারান্দা থেকে গতকাল রড-সিমেন্ট ব্যবসায়ী আলতাফ হোসেন মুকুল (৬০) ও তার মা রাজিয়া খাতুনের (৯০) লাশ উদ্ধার করেছে পুলিশ। মা-ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ দেশ রূপান্তরকে জানিয়েছেন, পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটনা হয়েছে। এর সঙ্গে কোনো পেশাদার গোষ্ঠী বা নিষিদ্ধ দলের কানেকশন আছে কি না, তা মাথায় রেখে তদন্ত চলছে। সিআইডি, র্যাব ও পিবিআইও হত্যা রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে।
ওই ব্যবসায়ীর শ্যালক আব্দুল মান্নান রতন বলেন, গত বুধবার এশার নামাজের পর কাজের মেয়ে তার বাড়িতে চলে যায়। সকালে এসে সে দুজনের ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসীকে জানায়। খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং ঘটনাটি পুলিশকে জানানো হয়। তিনি আরও জানান, দুটি লাশেরই গলা ও পায়ের রগ কাটা। এছাড়া তাদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। নতুন মসজিদ নির্মাণ করায় গ্রামের মসজিদ কমিটি ও ফুলজোড় নদী থেকে বালু উত্তোলনে বাধা দেওয়ায় স্থানীয় বালু ব্যবসায়ীদের সঙ্গে মুকুলের দ্বন্দ্ব ছিল। এসব দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছেন তিনি।
উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কওশিক আহমেদ বলেন, তদন্ত ছাড়া অনুমান নির্ভর কিছু বলা সম্ভব হচ্ছে না। ময়নাতদন্তের জন্য মা-ছেলের লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে।
নেত্রকোনা : নাতিকে মারার প্রতিকার চাইতে গিয়ে পৌর এলাকার দক্ষিণ মালনী আশ্রয়ন প্রকল্পে গত বুধবার রাত ৮টার দিকে নিহত আ. মান্নান (৬৫) একজন অটোরিকশা চালক ছিলেন। স্বজন ও স্থানীয়রা জানায়, আশ্রয়ন প্রকল্পের রুস্তম আলীর (৪৫) ছেলে নাজমুলের সঙ্গে মান্নানের নাতি রতনের ঝগড়া ও মারামারি হয়। ছেলের কাছে ঘটনাটি শুনে রতনকে চড়-থাপ্পড় মারেন রুস্তম। সন্ধ্যায় বাড়িতে ফিরে মুখের বিভিন্ন অংশে ফোলা দেখে নাতিকে নিয়ে রুস্তমের কাছে যান মান্নান। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে মান্নানের বুকে কিল-ঘুষি মারেন রুস্তম। এতে মাটিতে পড়ে গেলে মান্নানকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজা বলেন, হাসপাতালে আনার আগেই মান্নানের মৃত্যু হয়। মৃতদেহটি কয়েকজন হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে লোকজন বাধা দেয়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফকরুজ্জামান জুয়েল দেশ রূপান্তরকে বলেন, দুই শিশুর ঝগড়ার জেরে এ ঘটনা ঘটেছে। তদন্ত চলছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
নড়াইল : সদর উপজেলার শিমুলিয়া গ্রামের রেজাউল ইসলাম (২২) গতকাল দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন বলে জানিয়েছেন কলোড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের (শিমুলিয়া গ্রাম) সদস্য গোলাম নবী। তিনি জানান, রেজাউলের ফুফু রুকি বেগমের (৪০) সঙ্গে পাশের গ্রাম যশোরের অভয়নগরের কাংকুল গ্রামের বাছের মোল্যার (৫০) দীর্ঘদিন ধরে পরকীয়া চলছিল। একাধিকবার নিষেধ করলেও বাছের লুকিয়ে তার সঙ্গে দেখা করত বলে জানা গেছে। গত বুধবার রাতে আবারও দেখা করতে এলে তার ওপর চড়াও হন রেজাউল। একপর্যায়ে বাছেরের লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনা মেডিকেলে স্থানান্তর করা হয়।
স্থানীয় বিছালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবু জাফর জানান, এ ঘটনায় অভয়নগরের কাংকুল গ্রামের সোনা মোল্যার ছেলে বাছের মোল্যাকে থানায় সোপর্দ করা হয়েছে।
সোনারগাঁ : গতকাল দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় একটি চাইনিজ রেস্টুরেন্টে শিশুসন্তানের সামনে রাসেল ভূঁইয়াকে (৩২) সন্ত্রাসীরা কুপিয়ে হত্যার চেষ্টা চালায় বলে জানিয়েছে পুলিশ ও এলাকাবাসী। তার বাবা পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল হক ভূঁইয়া বলেন, ‘সম্প্রতি সন্ত্রাসী রাসেল, বিশাল ও আরাফাত আমার ছেলের কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। চাঁদা না পেয়ে তারা আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে প্রকাশ্যে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। সে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।’
সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে রেস্টুরেন্টের ম্যানেজার আরিফকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
