চট্টগ্রামের সীতাকুণ্ডে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ধর্ষণ মামলার আসামি এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ইকবাল হোসেন রানা (২২) উপজেলার মুরাদপুর ইউনিয়নের আমিরাবাদ এলাকার নুরুল ইসলামের ছেলে। র্যাব বলছে, গতকাল বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেপ্তার করতে গেলে র্যাবের টহলদলের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
র্যাব-৭-এর মিডিয়া অফিসার এএসপি মো. মাশকুর রহমান বলেন, গোপন খবর পেয়ে ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করতে গেলে আসামি ও তার সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। এতে র্যাবের সঙ্গে তাদের গোলাগুলি হয়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ রানার লাশ, ১টি দেশি এলজি ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সীতাকুণ্ড থানার পুলিশ জানিয়েছে, গত ৩ ফেব্রুয়ারি আচার খাওয়ানোর লোভ দেখিয়ে প্রতিবেশী ৭ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ করে তার মা রানার বিরুদ্ধে মামলা করেন। এরপর থেকে রানা পলাতক ছিল। সকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
