পরিস্থিতিটা যে এমন দাঁড়াবে কেউ কী জানতো! যেই ভারত পাকিস্তানের চক্ষুশূল সেই ভারতেরই সাফল্য কামনা করতে হচ্ছে পাকিস্তানী সমর্থকদের। হ্যাঁ, বিশ্বকাপে ভারত ও ইংল্যান্ড মধ্যকার ম্যাচে এমন ভূমিকাই পালন করতে হবে তাদের। ম্যাচটিতে গলা ফাটাতে হবে বিরাট কোহলিদের সাফল্য কামনায়। ম্যাচটিতে ইংল্যান্ড জিতে গেলে যে বিদায় ঘণ্টা বেজে যাবে পাকিস্তানের!
বুধবার এজবাস্টনে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপে সেমি-ফাইনালে যাওয়ার আশা জিইয়ে রেখেছে পাকিস্তানরা। সাত ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠস্থানে আছে দলটি। এমন অবস্থায় শেষ চার নিশ্চিত করতে হলে লিগ পর্বে নিজেদের শেষ দুই ম্যাচে আফগানিস্তান ও বাংলাদেশের বিপক্ষে জয় পেতে হবে পাকিস্তানকে। সেই সঙ্গে পয়েন্ট টেবিলের চতুর্থস্থানে থাকা ইংল্যান্ডের হার কামনা করতে হবে পরের দুই ম্যাচে।
ইংল্যান্ড তাদের পরের দুই ম্যাচের প্রথমটিতে আগামী রোববার বার্মিংহ্যামের এজবাস্টনে ভারতের মুখোমুখি হবে। ম্যাচটিতে পাকিস্তান সমর্থকদের ভূমিকা কী হবে এ নিয়ে টুইটারে একটি প্রশ্ন ছুড়ে দেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হোসেন।
“পাকিস্তান সমর্থকদের কাছে প্রশ্ন... রোববার ভারত-ইংল্যান্ড ম্যাচে আপনারা কাদের সমর্থন করছেন?”
নাসের হোসেনের এমন প্রশ্নে টুইটারে উত্তর নিয়ে হাজির হয়েছেন পাকিস্তানের অনেক সমর্থক। সবাই ভারতকে সমর্থনের কথা জানিয়েছেন। সামি নিয়াজি নামের একজন লিখেছেন, “আমাদের প্রতিবেশীকে সমর্থনের এটাই সময়। ভারতের জন্য শুভ কামনা। ইনশাআল্লাহ ভারত জিতবে। পাকিস্তান থেকে সমর্থন।”
ইশি আকরাম নামের এক সমর্থক লিখেছেন, “আমি কেবল ভারতকে সমর্থনই করব না। আমি ভারতের একটি জার্সিও কিনব।”
রানা সজিব নামের পাকিস্তানের এক সমর্থক লিখেছেন, “নিশ্চিতভাবে ভারতের সমর্থন করবো। দুই কারণে, এক. তারা আমাদের প্রতিবেশী, দুই. তারা ক্রিকেটপ্রেমী।”
