৫০ হলে ভারতীয় বাংলা ছবি ‘ভোকাট্টা’

আপডেট : ২৮ জুন ২০১৯, ০৯:১৭ পিএম

২৮ জুন, শুক্রবার বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে ভারতীয় বাংলা ছবি ‘ভোকাট্টা’। সাফটা চুক্তির আওতায় ছবিটি বাংলাদেশে আমদানি করা হয়েছে। এসকে মুভিজ প্রযোজিত এই ছবিটি বাংলাদেশে আমদানি করেছে শাপলা মিডিয়া। জানা যায় ছবিটি ৫০ হলে মুক্তি পেয়েছে।

শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান দেশ রূপান্তরকে বলেন, ‘ছবিটি আজ অর্ধ শতাধিক হলে মুক্তি পেয়েছে। রেসপন্সও ভালো পাচ্ছি।’

রমেশ রাট পরিচালিত এ ছবিতে কলকাতার ওম সাহানির বিপরীতে অভিনয় করেছেন উড়িষ্যার নায়িকা এলিনা।

দেশ রূপান্তরকে ওম বলেন, ‘এই প্রথমবার উড়িষ্যার নায়িকার সঙ্গে কাজ করলাম। খুব মজা করে আর মনোযোগ দিয়ে আমরা কাজগুলো করেছি। আশা করি মুভিটা দেখে দর্শক হতাশ হবেন না।’

প্রযোজনা সংস্থা এসকে মুভিজ মারফত জানা যায়, এটি কোনো রিমেক ছবি নয়। মৌলিক গল্পে নির্মিত হয়েছে ছবিটি।

‘ভোকাট্টা’ ছবির বিনিময়ে কলকাতায় রপ্তানি করা হয়েছে ‘বয়ফ্রেন্ড’ সিনেমাটি। তাসকিন রহমান ও সৌমি অভিনীত ছবিটি পরিচালনা করেছেন উত্তম আকাশ। তবে ছবিটি কবে নাগাদ পশ্চিমবঙ্গে মুক্তি পাবে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য ওম এর আগে বাংলাদেশি ছবিতেও কাজ করেছেন। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘অগ্নি-২’ ছবিতে কাজ করার মাধ্যমে বাংলাদেশের ছবিতে অভিষেক ঘটে। তিনি সর্বশেষ সৈকত নাসির পরিচালিত ‘পাষাণ’ ছবিতে অভিনয় করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত