দুর্নীতির অভিযোগে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদের প্রেষণ প্রত্যাহার করে তাকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে রাজশাহী সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. মোকবুল হোসেনকে।
গত বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপ-সচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, অধ্যাপক ড. মো. মোকবুল হোসেনকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। অপর এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, অধ্যাপক আবুল কালাম আজাদ ৩০ জুনের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) পদে অবমুক্ত হবেন।
এদিকে এই ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা। অধ্যাপক আবুল কালাম আজাদকে বোর্ড থেকে প্রত্যাহার করায় জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সরকারকে অভিনন্দন জানিয়েছে।
বোর্ড সূত্র জানিয়েছে, সাড়ে চার বছর ধরে রাজশাহী শিক্ষা বোর্ডে কর্মরত ছিলেন অধ্যাপক আবুল কালাম আজাদ। প্রথমে বোর্ডের সচিব পদে এবং পরে চেয়ারম্যান হিসেবে শিক্ষা বোর্ডে দায়িত্ব পালন করেন।
এ সময়ের মধ্যে ব্যাপক অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন তিনি। দুর্নীতির অভিযোগ এনে তাকে অপসারণের দাবিতে মানববন্ধনসহ প্রধানমন্ত্রী, রাজশাহী সিটি মেয়র ও রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্মারকলিপিও দেয় সামাজিক সংগঠন ‘জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ’।
প্রায় সাড়ে চার কোটি টাকার একটি অনিয়মের অভিযোগের তদন্তও করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার শিক্ষা বোর্ড থেকে তাকে প্রত্যাহার করার প্রজ্ঞাপন জারি হওয়ায় সংগঠনটির সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আসলাম উদ-দৌলা এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে অভিনন্দন জানিয়েছেন।
এদিকে অধ্যাপক মোকবুল হোসেন তাকে নতুন চেয়ারম্যান হিসেবে পদায়ন করার বিষয়টি নিশ্চিত করে জানান, আগামীকাল রবিবার তিনি দায়িত্ব নিতে পারেন।
