পাকিস্তান ও আফগানিস্তানের রাজনৈতিক তিক্ত সম্পর্কের প্রভাব কী তাহলে ক্রিকেটেও এসে পড়েছে! কিছুদিন আগে আফগানিস্তান বোর্ডের সিইও তার দেশের কাছ থেকে পাকিস্তানের ক্রিকেট শেখার আহ্বান জানান। তার এই মন্তব্যে বেশ চটে যায় পাকিস্তানের ক্রিকেট ভক্তরা। এবার আফগান ক্রিকেটারদের তুলোধুনো করলেন পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার।
লিডসের হেডিংলিতে শনিবার আফগানিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান। বিশ্বকাপে সেমি-ফাইনালের আশা টিকিয়ে রাখতে এই লড়াইয়ে জয়ের বিকল্প নেই সরফরাজ আহমেদের দলের।
ম্যাচটি নিয়ে কথা বলতে গিয়ে আদতে আফগানিস্তানের ক্রিকেটারদের কঠোর সমালোচনা করলেন শোয়েব আখতার। টুইটারে ছাড়া এক ভিডিওতে মোহাম্মদ নবি, রশিদ খান, গুলবাদিন নায়েবদের জাতপাত তুলে রীতিমত অপমান করলেন ‘রাওয়ালডিন্ডি একপ্রেস’ খ্যাত এই পেসার।
“আফগানদের এখন হোম গ্রাউন্ড হচ্ছে নয়ডা, দিল্লি। আগে একসময় ছিল পেশোয়ার, লাহোর। আফগান খেলোয়াড়েরা ক্রিকেট আমাদের কাছ থেকে শিখেছে। পাকিস্তানের শরণার্থী ক্যাম্পে তারা ক্রিকেট শিখেছে।”
“কেউ কিছু মনে করবেন না, আফগানিস্তানের এই খেলোয়াড়দের আইডি কার্ড চেক করলে দেখা যাবে আফগানিস্তান দল বিশ্বকাপ থেকে নিষিদ্ধ হয়ে যাবে। কারণ তাদের অধিকাংশই হবে পেশোয়ার বা করাচির।”
আফগানিস্তান সম্প্রতি ভারত ঘেঁষা হওয়ায় সেটার সমালোচনাও করলেন শোয়েব- “ভারত তাদের এখন ক্রিকেট শেখাচ্ছে। তবে ভারত ক্রিকেট শেখালেও তাদের ব্যাটিংয়ে এখনও গভীরতা দিতে পারেনি। আমরা আফগানিস্তানকে ভালোবাসি। তাদের ৩০ লাখ শরণার্থী আমরা জায়গা দিয়েছি। তবে খেলার দিন কোন সুযোগ নেই। পাকিস্তান সহজেই আফগানিস্তানকে হারিয়ে দিবে। আমরা তাদের তুলোধুনো করে জয় ছিনিয়ে আনব।”
“আফগানিস্তানের সিইও বলেছিলেন আমাদের তাদের কাছ থেকে ক্রিকেট শেখা দরকার, আমরা তাদের কাল ক্রিকেট শেখাবো। তাদের কোন ছাড় দেওয়া হবেনা। ভারতের সাহায্য লাগবে আমাদের। আমার বিশ্বাস পাকিস্তান ও ভারত প্রথম সেমি-ফাইনাল খেলবে ম্যানচেস্টারে। ভারত হবে প্রথম ও পাকিস্তান চতুর্থ।”
