গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার জন্য ক্রেডিট কার্ড চালু করল শাহজালাল ইসলামী ব্যাংক। শরিয়াহ সম্মত ‘ওয়াকালাহ্’ ধারণা অনুসরণ করে এ ক্রেডিট কার্ড চালু করা হয়েছে। গ্রাহকরা প্রথম বছরের বার্ষিক ফি ছাড়াই এ কার্ড নিতে পারবেন। এটিসহ দেশে কার্যরত ব্যাংকগুলোর মধ্যে ক্রেটিড কার্ডের সংখ্যা দাঁড়াল ৩৭টির। গতকাল রাজধানীর পূর্বাণী হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এ সেবার ঘোষণা দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে কার্ডের বিস্তারিত তুলে ধরেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলাম। এসময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান সিরাজ, এম. আখতার হোসেন, মিয়া কামরুল চৌধুরী ও কার্ড ডিভিশনের প্রধান মারুফুর রহমান খান উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্লাটিনাম, গোল্ড ও ক্ল্যাসিক তিন ক্যাটাগরিতে ভিসা ব্র্যান্ডের ডুয়েল কারেন্সির এই ক্রেডিট কার্ডে থাকছে দেশে-বিদেশে লেনদেন করার সুবিধা। ইএমআই সুবিধাসহ কেনাকাটায় ও খাবারের বিল পরিশোধে বিভিন্ন আউটলেটে ডিসকাউন্ট সুবিধা পাবেন এই কার্ডের গ্রাহকরা। এই কার্ডের গ্রাহকদের আন্তর্জাতিক ভ্রমণে ব্যাংকের পক্ষ থেকে বিশেষ সেবা দেওয়া হবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা লাউঞ্জে প্লাটিনাম কার্ডের গ্রাহকদের জন্য থাকছে আপ্যায়নের ব্যবস্থা। লেনদেনের ক্ষেত্রে রিয়েল টাইম এসএমএস ও ই-এলার্টের ব্যবস্থা রয়েছে। ক্রেডিট কার্ডের গ্রাহককে বীমা সুবিধা দেবে ব্যাংক। এই ক্রেডিট কার্ডে ইএমভি সার্টিফাইড চিপ ব্যবহার করা হয়েছে, যা লেনদেনে সর্বোচ্চ নিরাপত্তা দেবে।
