নিউজিল্যান্ডকে ঝুলিয়ে রাখল অস্ট্রেলিয়া

আপডেট : ৩০ জুন ২০১৯, ০২:১৮ এএম

মাত্র এক পয়েন্ট পেলেই দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত হবে। এমন সমীকরণ নিয়ে খেলতে আরেকবার হার মানল নিউজিল্যান্ড। পাকিস্তানের পর এবার অস্ট্রেলিয়ার বিপক্ষেও হার কিউইদের। তাতে সেমিফাইনালের পথে এখনো ঝুলে রইল দলটা।

শনিবার লর্ডসে দিবারাত্রির ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৮৬ রানে হেরেছে নিউজিল্যান্ড। আগেই সেমিফাইনাল নিশ্চিত করে রাখা অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮ ম্যাচে ১৪ পয়েন্ট। এখনো এক ম্যাচ বাকি তাদের। সমান ম্যাচে নিউজিল্যান্ডের সংগ্রহ ১১ পয়েন্ট। এখন ৩ জুলাই ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের।

এদিন টস জিতে আগে ব্যাট করে ৯ উইকেটে ২৪৩ রানের পুঁজি পায় অস্ট্রেলিয়া। জবাবে ৪৩.৪ ওভারে ১৫৭ রানেই গুটিয়ে গেছে নিউজিল্যান্ড।

বল হাতে অস্ট্রেলিয়ার হয়ে আগুন ঝরিয়েছেন মিচেল স্টার্ক। আসরে দ্বিতীয়বারের মতো নিলেন ৫ উইকেট। স্টার্কের আগুনে পুড়েই ছাই হতে হলো কিউইদের। বলতে গেলে ব্যর্থ তাদের সবাই। সর্বোচ্চ ৪০ রান করেছেন কেন উইলিয়ামসন। ৩০ রান এসেছে রস টেলরের ব্যাট থেকে।

এর আগে অস্ট্রেলিয়ার ইনিংসেও ছিল নাটক। বাজে শুরুর পরও উসমান খাজা ও অ্যালেক্স ক্যারির ব্যাটে লড়ার পুঁজি পায় দলটি। উসমান খাজা সর্বোচ্চ ৮৮ রান করেন। অ্যালেক্স ক্যারির ব্যাট থেকে এসেছে ৭১ রান ।

এদিন পঞ্চম ওভারে অ্যারন ফিঞ্চকে ফিরিয়ে কিউইদের উইকেট উৎসবের শুরু করেছিলেন বোল্ট। এরপর লকি ফার্গুসন তোপ। ডেভিড ওয়ার্নার (১৬) ও স্টিভ স্মিথকে (৫) ফিরিয়ে দেন তিনি। তাতে ৪৬ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে অজিরা।

এরপর মার্কাস স্টয়নিসকে নিয়ে লড়ার চেষ্টা করছিলেন খাজা। কিন্তু স্টয়নিসকে ব্যক্তিগত ২১ রানে ফিরিয়ে দেন জিমি নিশাম। পরের ওভারে নিশাম ফেরান গ্লেন ম্যাক্সওয়েলকেও (০)। ৯২ রানে ৫ উইকেট হারানো অস্ট্রেলিয়া তখন রীতিমতো কাঁপছে।

সেখান থেকে উইকেটরক্ষক ব্যাটসম্যান ক্যারি ও খাজার লড়াই। ষষ্ঠ উইকেটে ১০৭ রানের জুটি গড়েন এই দুজন। আসর জুড়ে পার্টটাইম বোলার উইলিয়ামসন দারুণ কিছু ব্রেক থ্রো দিয়েছেন নিউজিল্যান্ডকে। এদিনও খাজা ও ক্যারি জুটি ভেঙেছেন তিনি। ৭২ বলে ১১ চারে ৭১ রান করে ফিরেছেন ক্যারি। এরপর প্যাট কামিন্সের সঙ্গে খাজার ৪৪ রানের জুটি এগিয়ে নিয়েছে অজিদের।

তবে শেষটা সুন্দর হয়নি ট্রেন্ট বোল্টের জন্য। শেষ ওভারে খাজা, মিচেল স্টার্ক ও জেমস বেহরেনডোর্ফকে ফিরিয়ে আসরে দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করেন বোল্ট। এর আগে মোহাম্মদ শামি আসরে প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করেছিলেন।

খাজা ১২৯ বলে ৫ চারে নিজের ইনিংস সাজিয়েছেন। কামিন্স ২১ রানে অপরাজিত ছিলেন। কিউইদের পক্ষে সর্বাধিক ৪ উইকেট নিয়েছেন বোল্ট। ২টি করে উইকেট নিয়েছেন ফার্গুসন ও নিশাম।

দারুণ ব্যাটিংয়ের জন্য ম্যাচসেরা হয়েছেন অ্যালক্স ক্যারি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত